ত্রিদেশীয় সিরিজ
Published : 20 Nov 2025, 10:49 PM
দুই অঙ্ক স্পর্শ করলেন অনেকেই। কিন্তু ২০ পার করতে পারলেন কেবল ব্রায়ান বেনেট ও সিকান্দার রাজা। তাতে কোনোমতে লড়ার মতো সংগ্রহ গড়ল জিম্বাবুয়ে। পরে অবশ্য চমৎকার পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে লক্ষ্যের ধারেকাছে যেতে দিলেন না দলটির বোলাররা।
রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের স্রেফ উড়িয়ে দিয়েছে জিম্বাবুয়ে। পাকিস্তানের বিপক্ষে হারা দলটি এবার পেয়েছে ৬৭ রানের জয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬২ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়ে। রান তাড়ায় ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার বিপক্ষে ১০ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের এটি তৃতীয় জয়।
ইনিংস শুরু করতে নেমে ১ ছক্কা ও ৫ চারে ৪২ বলে ৪৯ রান করেন বেনেট। চারে নেমে ৩২ বলে ৪৭ রান করতে ২ ছক্কা ও ৩টি চার মারেন রাজা। পরে ২৩ রান খরচায় এক উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন জিম্বাবুয়ে অধিনায়ক।
শ্রীলঙ্কার ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দুইজন। দুটি করে ছক্কা-চারে সর্বোচ্চ ৩৪ রান করেন তাদের অধিনায়ক দাসুন শানাকা।
জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা ভালো হয়নি। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৩ রান করতে পারে তারা। পরে রাজা ও বেনেটের ৪৪ বলে ৬১ রানের জুটিতে এগিয়ে যায় দলটি।
বেনেটকে ফিরিয়ে জমে যাওয়া যুগলবন্দি ভাঙেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রায়ান বার্লকে বোল্ড করার পরের বলে টনি মুনিয়োঙ্গাকে এলবিডব্লিউ করে দেন এই লেগ স্পিনার। রাজার ইনিংস থামান দুশমান্থা চামিরা।
রান তাড়ায় ৬ রানে দুই উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। ২৫ রান নিয়ে পাওয়ার প্লে শেষ করে তারা। সপ্তম ওভারের প্রথম বলে কুসাল মেন্ডিসের বিদায়ে আরও বিপদে পড়ে দলটি।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। ৪৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে হেরে যায় অনেক বড় ব্যবধানে।
একই মাঠে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। স্বাগতিকদের বিপক্ষে জিম্বাবুয়ের দ্বিতীয় ম্যাচ পরদিন।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৬২/৮ (বেনেট ৪৯, মারুমানি ১০, টেইলর ১১, রাজা ৪৭, বার্ল ১৮, মুনিয়োঙ্গা ০, মুসেকিওয়া ১১, ইভান্স ৪, মাপোসা ৫*, ক্রিমার ৩*; থুশারা ৩-০-৩০-০, থিকশানা ৪-০-৩০-১, চামিরা ৪-০-২৭-১, মালিঙ্গা ৪-০-২৭-২, হাসারাঙ্গা ৪-০-৩২-৩, শানাকা ১-০-১৩-০)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬২/৮ (নিসাঙ্কা ০, মেন্ডিস ৬, পেরেরা ৪, রাজাপাকসা ১১, শানাকা ৩৪, মেন্ডিস ৯, হাসারাঙ্গা ৮, চামিরা ১, থিকশানা ৮, মালিঙ্গা ১, থুশারা ১*; এনগারাভা ৪-০-১৫-২, মাপোসা ৩-০-১৭-১, ইভান্স ৪-০-৯-৩, রাজা ৪-০-২৩-১, ক্রিমার ৪-০-১৭-১, বার্ল ১-০-৮-১)
ফল: জিম্বাবুয়ে ৬৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা