২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেন্ডিসের বিধ্বংসী সেঞ্চুরি, বাবরের অপরাজিত ৮৭

পিএসএলের রেকর্ড ১৯১ রানের জুটিও গড়েছেন এই দুজন।

মেন্ডিসের বিধ্বংসী সেঞ্চুরি, বাবরের অপরাজিত ৮৭
কুসাল মেন্ডিসের (ডানে) সেঞ্চুরি উদযাপন, সঙ্গী বাবর আজম। ছবি: পেশাওয়ার জালমি ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2026, 09:50 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

আগের দুই ম্যাচে ভালো শুরু পেয়েও ইনিংস টেনে নিতে পারেননি। এবার আর ভুল করলেন না কুসাল মেন্ডিস। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন এই কিপার-ব্যাটসম্যান। 

পেশাওয়ার জালমির হয়ে করাচি কিংসের বিপক্ষে বৃহস্পতিবার তিন নম্বরে নেমে ৫২ বলে ১০৯ রানের ইনিংস খেলেন মেন্ডিস। ১৪ চার ও চার ছক্কায় গড়া তার ইনিংসটি। প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সেঞ্চুরির স্বাদ পেলেন তিনি।

ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন জালমির অধিনায়ক বাবর আজম। পাকিস্তানের সাবেক অধিনায়কের ইনিংস সাজানো ১০ চার ও দুই ছক্কায়। 

দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন ৯৭ বলে ১৯১ রানের জুটি। পিএসএলে যেকোনো উইকেটে রেকর্ড জুটি এটি। ২০২১ আসরে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে করাচি কিংসের হয়ে বাবর ও শারজিল খানের উদ্বোধনী জুটিতে ১৭৬ ছিল আগের সর্বোচ্চ। 

এই রেকর্ডের তালিকায় প্রথম তিনটিতেই আছে বাবরের নাম। ২০২৩ সালে জালমির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে সাইম আইয়ুবের সঙ্গে ১৬২ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তিনি।

করাচিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় বলে মোহাম্মাদ হারিসকে হারায় জালমি। সেখান থেকেই বাবর ও মেন্ডিস জুটির শুরু।

দ্বিতীয় ওভারে মির হামজাকে পরপর দুই ছক্কায় ডানা মেলে দেন মেন্ডিস। পঞ্চম ওভারে আব্বাস আফ্রিদিকে টানা তিনটি চার মারেন তিনি। ওই ওভারে দুবার জীবনও পান ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

খুশদিল শাহকে ছক্কা মেরে পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর।

২৬ বলে পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যান মেন্ডিস। ফিফটি করতে বাবরের লাগে ৩২ বল।

৯৯ থেকে ১৬তম ওভারে অ্যাডাম জ্যাম্পার বলে এক রান নিয়ে ৪৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মেন্ডিস। টি-টোয়েন্টিতে তার তৃতীয় সেঞ্চুরি এটি। পরের ওভারে ক্যাচ দিয়ে শেষ হয় তার চমৎকার ইনিংস। 

১৯তম ওভারে টানা তিনটি ছক্কা, শেষ ওভারে তিনটি চার ও একটি ছক্কা মারেন আব্দুল সামাদ। ১২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। 

শেষ দুই ওভারে আসে ৪০ রান। ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রান করে জালমি।

দলটির হয়ে খেলছেন বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।