তিন আইসিসি আসরে স্রেফ এক ম্যাচে হার, সাফল্যের রহস্য জানালেন রোহিত
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সব ম্যাচ জিতে শুধু ফাইনালে হেরে যায় ভারত, এরপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শার্মার দল।
প্রত্যাশা চাপ প্রবল। ব্যর্থতার মাশুল প্রচণ্ড। ভারতীয় ক্রিকেটে যুগের যুগের পর যুগ দেখা গেছে এই বাস্তবতা। সেখান থেকেই দলকে আড়াল করেছেন রোহিত শার্মা। বাইরের চাপ রাখা হয়েছে বাইরেই। ড্রেসিং রুমকে করে তোলা হয়েছে স্বস্তি আর আনন্দের আস্তানা। ভারতীয় অধিনায়কের মতে, তাদের এই প্রক্রিয়ার ফসল আইসিসি টুর্নামেন্টে ভারতের অবিশ্বাস্য ধারাবাহিকতা।
২০২৩ সালে দেশের মাঠে ওয়ানডে বিশ্বকাপ থেকে এর শুরু। প্রাথমিক পর্বে সব ম্যাচ জিতে সেমি-ফাইনালে নিউ জিল্যান্ড গুঁড়িয়ে ফাইনালে পা রাখে ভারত। কিন্তু আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়টি ভারতীয় ক্রিকেটে সবয়েচে ট্র্যাজেডির হারগুলোর মধ্যে জায়গা পেয়ে গেছে।
হৃদয় ভাঙার অমন অভিজ্ঞতার পর অনেকেরই ভেঙে পড়ার কথা। তবে রোহিত-কোহলিরা ভিন্ন ধাতুতে গড়া। হতাশার স্ফূলিঙ্গকেই সাফল্যে শিখায় পরিণত করে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয় ভারত। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কোনো ম্যাচ না হেরে ট্রফির দেখা পেয়ে গেছে তারা।
টানা দুটি আসরে অপরাজেয় থাকার পর রোহিত বললেন, তার দলের মানকেই তুলে ধরছে এই জোড়া সাফল্য।
“টানা দুটি আইসিসি ট্রফি জয় এই দলের জন্য দারুণ অর্জন। অপরাজিত থেকে সেটা করতে পারা তো সোনায় সোহাগা। দুই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হতে খুব কম দলকেই দেখেছি। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল এখানে এসে প্রস্তুতি ভালোভাবে নেওয়া। সামনে যা পেয়েছি, সেটা গ্রহণ করেই আমরা খেলেছি, কন্ডিশনকে ভালেভাবে কাজে লাগিয়েছি এবং জিতেছি।”
“সত্যি বলতে, কেউ একজন বলছিল যে, গত তিনটি আইসিসি টুর্নামেন্টে আমরা মাত্র একটি ম্যাচ হেরেছি। সত্যি বলতে, এটা অসাধারণ। দারুণ মাইলফলক। এটিই তুলে ধরছে এই দলকে। আমরা ২০২৩ বিশ্বকাপের ফাইনাল হেরেছি। কিন্তু গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে একটি ম্যাচও না হেরে ট্রফি জিতেছি। এখানেও অপরাজিত চ্যাম্পিয়ন। এতেই ফুটে ওঠে, এই দলের মান কেমন, দলের গভীরতা কতটা।”
দলকে সাফল্যের এই রথে তুলে নেওয়ার কাজটি সহজ ছিল না। ভারতীয় দলে তারকা ক্রিকেটারের অভাব ছিল না কখনোই। তবে সবাইকে সবসময় এক সুতোয় গাঁথার কাজটি করা হয়ে ওঠেনি। রোহিত সেই কাজটি করেছেন দারুণভাবে। উপভোগের মন্ত্রই দলকে এনে দিয়েছে এই সাফল্য।
“দলের ভেতর বোঝাপড়া দুর্দান্ত। আনন্দ ও রোমাঞ্চে ভরপুর দল আমাদের। এভাবেই আমরা ক্রিকেট খেলতে চাই। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের আলোচনাও ছিল এমন যে, আমরা আনন্দ নিয়ে খেলতে চাই। বাইরের চাপ অনেক বেশি। একটি ম্যাচে ভারত হারলেই নানা কিছু শুরু হয়ে যায়। তবে এই ছেলেরা ও এই দল এসবকে পাশে সরিয়ে রেখে মনোযোগ দিয়েছে কীভাবে ম্যাচ জেতা যায় ও খেলা উপভোগ করা যায়। গত দুই-তিন বছর ধরে আমাদের খেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এটিই।”
