শেষ দিনও ভেসে গেল বৃষ্টিতে, ম্যাচ ড্র
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের দ্বিতীয় চার দিনের ম্যাচে সব মিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৬৪.১ ওভার।
দেশজুড়ে টানা বর্ষণের প্রভাব পড়ল বাংলাদেশ ইমার্জিং ও দক্ষিণ আফ্রিকা ইমার্জি দলের সিরিজে। বৈরী আবহাওয়ায় বৃহস্পতিবারের মতো শুক্রবারের খেলাও পরিত্যক্ত হয়ে গেল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে ফল আসেনি দ্বিতীয় চার দিনের ম্যাচে। চার দিন মিলিয়ে খেলা হয়েছে মাত্র ১৬৪.১ ওভার।
চট্টগ্রামে দুই দলের প্রথম চার দিনের ম্যাচও বিরূপ আবহাওয়ার কারণে ড্র হয়। সিরিজের ট্রফি তাই ভাগাভাগি করে দুই দল।
দ্বিতীয় ম্যাচে ওপেনার ইফতেখার হোসেনের সেঞ্চুরি ও মইন খানের ৯১ রানের সঙ্গে লেজের ব্যাটসম্যানদের লড়াইয়ে প্রথম ইনিংসে ৩৭১ রান করে বাংলাদেশ। পরে সফরকারীরা ৪২.৩ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করার পর আর খেলা সম্ভব হয়নি।
ম্যাচের দ্বিতীয় দিন শেপো এনটুলির বলে রিপন মন্ডল ছক্কা মারার পর দুজনের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সেটি হাতাহাতিতেও রূপ নেয়। এর আগে এক দিনের ম্যাচের সিরিজেও দুই দলের ক্রিকেটারদের মধ্যে উত্তেজনা দেখা গিয়েছিল।
দারুণ জমে ওঠা এক দিনের ম্যাচের সিরিজে রকিবুল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইমার্জিং ১ম ইনিংস: ৩৭১
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ১ম ইনিংস: ৪২.৩ ওভারে ১৫২/৬
