কোহলির সঙ্গে তুলনা টেনে প্রশ্ন শুনে মেজাজ হারালেন বাবর
‘ভিরাট কোহলি আপনার মতোই শট খেলেন, কিন্তু তিনি ম্যাচ শেষ করে আসতে পারেন, যেটা আপনার মধ্যে কিছুটা ঘাটতি আছে বলে মনে হয়’, সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন করা হয় বাবর আজমকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ভিরাট কোহলির সঙ্গে তুলনা করে প্রশ্ন করা হচ্ছিল বাবর আজমকে। প্রশ্ন শেষ না হতেই সাংবাদিককে থামিয়ে দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। কিছুটা মেজাজও হারালেন তিনি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় ৩৭ বলে ৪৩ রান করেন পেশাওয়ার জালমি অধিনায়ক বাবর। ওপেনিংয়ে নেমে এক প্রান্তে অন্যদের আসা-যাওয়ার মাঝে দলকে টানেন তিনি।
১৫তম ওভারের শেষ বলে যখন বিদায় নেন বাবর, জালমির প্রয়োজন ছিল ৩০ বলে ৩০ রান। শেষ পর্যন্ত শেষ বলে জয় পায় তারা ৪ উইকেটে।
থিতু হয়েও তার ম্যাচ শেষ করে আসতে না পারা নিয়েই সংবাদ সম্মেলনে বাবরকে প্রশ্ন করেন এক সাংবাদিক।
“ভিরাট কোহলি আপনার মতোই শট খেলেন, কিন্তু তিনি ম্যাচ শেষ করে আসতে পারেন, যেটা আপনার মধ্যে কিছুটা ঘাটতি আছে। লোকেরা তার সঙ্গে আপনার তুলনা করে, এই তুলনা নিয়ে আপনার মতামত কী?”
প্রশ্নটি শেষ হওয়ার অপেক্ষা না করেই কিছুটা ক্ষোভের সুরে উত্তর দেন বাবর।
“এসব বন্ধ করুন। এসব কথা নিজের কাছেই রাখুন। তুলনা বন্ধ করে সামনে এগিয়ে যান। এটা আপনার ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করিনি।”
প্রায়ই ভারতীয় ব্যাটিং গ্রেট কোহলির সঙ্গে তুলনা করা হয় বাবরকে। পাকিস্তানের তো বটেই, বিশ্বে ক্রিকেটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান তিনি। তবে এই ২০ ওভারের ক্রিকেটেই স্ট্রাইক রেট কিংবা বা বড় রান তাড়ায় দায়িত্ব সামলাতে না পারা নিয়ে মাঝেমধ্যেই সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
