১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আমিতের ১৪ বছর পর আকাশ

নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারে প্রথম ফিফটির স্বাদ পেয়েছেন ভারতীয় এই পেসার।

আমিতের ১৪ বছর পর আকাশ
ফিফটি ছোঁয়ার পথে আকাশ দিপের একটি শট। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 06:17 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

গাস অ্যাটকিনসনকে লেগ সাইড দিয়ে চার মেরে ফিফটি স্পর্শ করলেন আকাশ দিপ। সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে ভারতের ১৪ বছর পুরনো একটি স্মৃতি ফিরিয়ে আনলেন এই পেসার।

ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওভাল টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় ‘নাইটওয়াচম্যান’ হিসেবে ব্যাটিংয়ে নামেন আকাশ। দারুণ ব্যাটিংয়ে তৃতীয় দিনের প্রথম সেশনে ফিফটিতে পা রাখেন তিনি, ৭০ বলে।

আকাশের আগে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে ভারতীয়দের মধ্যে পঞ্চাশ করার কীর্তি ছিল আমিত মিশ্রার। কাকতালীয়ভাবে, ২০১১ সালে আমিতেরও প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ভেন্যু ছিল ওভাল। ওই ম্যাচে ফলো-অনে পড়া ভারতের দ্বিতীয় ইনিংসে পাঁচ নম্বরে নেমে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন এই লেগ স্পিনার। ম্যাচটি অবশ্য ইনিংস ও ৮ রানে জিতেছিল ইংল্যান্ড।

ক্যারিয়ারের দশম টেস্টে এসে ফিফটির স্বাদ পেলেন আকাশ। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে আছে তার।

ওভাল টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে আবার ব্যাটিংয়ে নামে ভারত। দিনের শেষ ওভারে সাই সুদার্শান আউট হলে আকাশকে পাঠায় সফরকারীরা। ৪ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

নতুন দিনের অষ্টম ওভারেই অবশ্য আকাশকে ফেরাতে পারত ইংল্যান্ড। কিন্তু জশ টংয়ের বলে স্লিপে তার ক্যাচ নিতে পারেননি জ্যাক ক্রলি। তখন ২১ রানে খেলছিলেন আকাশ।

জীবন পেয়ে দারুণ ব্যাটিংয়ে দলের ও নিজের রান বাড়াতে থাকেন আকাশ। ইংলিশ বোলারদের ভুগিয়ে তুলে নেন ফিফটি। তৃতীয় উইকেটে ইয়াশাসভি জয়সওয়ালের সঙ্গে গড়েন ১০৭ রানের জুটি।

আকাশের প্রতিরোধ ভাঙেন জেমি ওভারটন। ১২ চারে ৯৪ বলে ৬৬ রান করে ফেরেন চোট কাটিয়ে দলে ফেরা ভারতীয় এই পেসার।