১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আইপিএলে দিল্লির মেন্টর কেভিন পিটারসেন

ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে প্রথমবার কোচিং করাবেন ইংলিশ সাবেক অধিনায়ক।

আইপিএলে দিল্লির মেন্টর কেভিন পিটারসেন
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ছবি: পিটারসেনের এক্স পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2025, 07:04 PM

Updated : 26 Aug 2026, 11:55 AM

আইপিএলের আসছে আসরের জন্য কেভিন পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি ক্যপিটালস। ভারতের ঘরোয়া এই টুর্নামেন্টে প্রথমবার কোচিং করাবেন সাবেক এই ইংলিশ অধিনায়ক।

দিল্লি কোচিং স্টাফে হেমাং বাদানি (প্রধান কোচ), ম্যাথু মট (সহকারী কোচ), মুনাফ প্যাটেল (বোলিং কোচ) ও ভেনুগোপাল রাওয়ের (ক্রিকেট পরিচালক) সঙ্গে যুক্ত হবেন ৪৪ বছর বয়সী পিটারসেন।

পিটারসেনকে মেন্টরের দায়িত্ব দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে দিল্লির জার্সিতে দুই মৌসুম খেলার অভিজ্ঞতা আছেন পিটারসেনের। ২০১২ ও ২০১৪ আসরে মোট ১৯টি ম্যাচে তখনকার দিল্লি ডেয়ারডেলিভসের প্রতিনিধিত্ব করেন তিনি। ২০১৪ আসরে দলটির অধিনায়কও ছিলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান। তার নেতৃত্বে টেবিলের তলানিতে থেকে আসরে শেষ করেছিল দিল্লি।

২০১৬ সালে সবশেষ আইপিএলে খেলা পিটারসেন পুরোনো ঠিকানায় নতুন ভূমিকায় ফিরতে পেরে বেশ খুশি।

“ক্যাপিটালসের মেন্টর হিসেবে নতুন ভূমিকায় পা রাখার এটা রোমাঞ্চকর এক সুযোগ। কোচিং স্টাফে যোগ দিতে, ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং চূড়ান্ত পুরস্কারটি জিততে সম্ভাব্য সবকিছু করতে মুখিয়ে আছি।”

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বও দেন পিটারসেন। সব মিলিয়ে আইপিএলে ১৯ ম্যাচে অধিনায়কত্ব করার ও ৩৬ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার।

আইপিএল ছাড়া বিগ ব্যাশ, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন পিটারসেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০০ ম্যাচ খেলে পাঁচ হাজার ৬৯৫ রান করেছেন তিনি ৩৩.৮৯ গড় ও ১৩৬.৮৯ স্ট্রাইক রেটে। নামের পাশে তিন সেঞ্চুরির সঙ্গে ফিফটি আছে ৩৫টি।

আইপিএলে ১৭ মৌসুমে কেবল একবার ফাইনাল খেলতে পেরেছে দিল্লি। এখনও টুর্নামেন্টের শিরোপার স্বাদ না পাওয়া দলটি গত মৌসুমে ষষ্ঠ হয়ে আসর শেষ করে।

আগামী ২২ মার্চ কলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। দিল্লি তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ মার্চ, লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।