হ্যাটট্রিক শূন্য করা আভিশেকের কাছে গাভাস্কারের চাওয়া ‘স্মার্ট ব্যাটিং’
টানা তিন ম্যাচে শূন্য করা ব্যাটসম্যানকে আগে একটি রান করে চাপ সরিয়ে নিতে বললেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান।
টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর আভিশেক শার্মার জন্য সুনিল গাভাস্কারের পরামর্শ ছিল, আগে একটি রান করে চাপ সরিয়ে নেওয়া। হয়েছে উল্টো। তৃতীয় ম্যাচেও শূন্যতেই ফিরেছেন এই ওপেনার। আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানকে আবার সেই একা বলছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান। পাশাপাশি তার পরামর্শ, শুরুতে কিছুটা সময় কাটাতে হবে ক্রিজে।
বিশ্বকাপ শুরুর আগে যা ছিল অভাবনীয়, সেটিই এখন চমকপ্রদ বাস্তব। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরুর সময়ও বিশ্ব আসরে কোনো রান নেই আভিশেকের। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলে প্রতিটিতেই ফিরেছেন শূন্য রানে।
প্রথম শূন্যের পর খুব একটা আলোচনা হয়নি। দ্বিতীয় শূন্যের পর টুকটাক আলোচনা শুরু হয়। তৃতীয় শূন্যের পর তো বলা চলে শোরগোলই চলছে।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন আভিশেক। পরে পাকিস্তানের বিপক্ষে তুলে মারতে গিয়ে ধরা পড়েন মিড অনে। নেদারল্যান্ডসের বিপক্ষে বোল্ড হন জায়গা বানিয়ে খেলার চেষ্টায়।
২৫ বছর বয়সী ব্যাটসম্যানের আউটের ধরনগুলিতেই আঙুল তুলে স্টার স্পোর্টসে গাভাস্কার বললেন, শুরুতেই এত অস্থির হওয়া যাবে না।
“আভিশেক দারুণ ছেলে, কিন্তু এখন মনে হচ্ছে প্রত্যাশার চাপ ওর ওপর চেপে বসেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচে যদি ভালো শুরু করত, তাহলে ব্যাপারটি ভিন্ন হতো। কিন্তু সেটা না হওয়ায় এক নম্বর ব্যাটসম্যান ও ছক্কা-হিটার হওয়ার চাপটা অনুভব করছে ও।”
“ওর শটের রেঞ্জ এত বেশি যে, স্রেফ উইকেটে কিছুটা সময় কাটাতে হবে। ম্যাচের প্রথম বলেই চার বা ছক্কার চেষ্টা করা যাবে না। বড় শট হয়ে গেলে ঠিক আছে। কিন্তু জোর করে ক্রস ব্যাটে বড় শট খেলার চেষ্টা করা যাবে না।”
একটি রান নিয়ে চাপের বোঝা সরিয়ে ফেলার পরামর্শ আবার দিলেন গাভাস্কার। প্রয়োজন পড়লে সেই প্রথম রানের জন্যও ধৈর্য ধরতে বললেন তিনি।
“আগে একটা সিঙ্গল নিয়ে রানের খাতা খোলা উচিত। চার বলে রান না হলেও সমস্যা নেই। সে পরে যে কোনো সময় পুষিয়ে দিতে পারে। শুরুতে তাকে স্মার্ট ব্যাটিং করতে হবে। দু-এক ওভার সময় নিয়ে থিতু হতে হবে, এরপর সহজাত ব্যাটিং করতে পারে।”
“যেটা বললাম, আগে প্রথম রানটি জরুরি। যে কোনো ব্যাটারই প্রথম রানটি চায়। সেটি হয়ে গেলে সবকিছু আপনাআপনি ঠিক হয়ে যাবে।”
রোববার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের ম্যাচে সেই প্রথম রানের সন্ধানে নামবেন আভিশেক।
