২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার-ছক্কার তাণ্ডবে সুরিয়াভানশির ৪২ বলে ১৪৪

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খুনে ইনিংসটি খেলেছেন ভারতীয় বিস্ময় বালক।

চার-ছক্কার তাণ্ডবে সুরিয়াভানশির ৪২ বলে ১৪৪
ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন বৈভাব সুরিয়াভানশি। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 07:31 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

মুখোমুখি প্রথম বলে জীবন পেলেন বৈভাব সুরিয়াভানশি। পরের ডেলিভারিতে চার মেরে খুললেন রানের খাতা। এরপর যতক্ষণ ক্রিজে থাকলেন, প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করলেন এই ভারতীয় ব্যাটসম্যান। চার-ছক্কার বৃষ্টি ঝরিয়ে উপহার দিলেন অসাধারণ এক ইনিংস।

দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম দিন শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৪৪ রানের খুনে ইনিংস খেলেন সুরিয়াভানশি। ভারত ‘এ’ দলের ওপেনারের ৪২ বলের ইনিংসটি গড়া ১৫ ছক্কা ও ১১ চারে।

টর্নেডো ইনিংসটির পথে ৩২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সুরিয়াভানশি। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম শতক। ৩২ বলে সেঞ্চুরি আছে রোহিত শার্মা ও রিশাভ পান্তের।

ভারতীয়দের মধ্যে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি উর্ভিল প্যাটেল ও আভিশেক শার্মার। দুইজনই ২৮ বলে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেয়েছিলেন।

টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড সাহিল চৌহানের। ২০২৪ সালের জুনে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন এস্তোনিয়ার এই ব্যাটসম্যান।

বয়স মাত্র ১৪ বছর। এই অল্প বয়সেই ব্যাট হাতে অবিশ্বাস্য সব পারফরম্যান্স উপহার দিচ্ছেন সুরিয়াভানশি। ১৩ বছর বয়সেই আইপিলে দল পান তিনি নিলামে ঝড় তুলে। এরপর, গত এপ্রিলে ব্যাট হাতেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ঝড় তোলেন তিন। রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ বলে সেঞ্চুরি করে চুরমার করে দেন অনেক রেকর্ড।

টি-টোয়েন্টি ইতিহাসে সেটি সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি। এবার আরেকটি শতক পেলেন ভারতের এই বিস্ময় বালক।

দ্বিতীয় ওভারে মুহাম্মাদ রোহিদ খানকে চার মারার পর, শেষ বল ছক্কায় ওড়ান সুরিয়াভানশি। পরের ওভারে আয়ান খানকে টানা তিন বলে মারেন একটি চার ও দুটি ছক্কা। পঞ্চম ওভারে জাওয়াদউল্লাহকে তিন চারের সঙ্গে হাঁকান এক ছক্কা।

পাওয়ার প্লের শেষ ওভারে রোহিদকে চার মেরে ১৭ বলে ফিফটিতে পা রাখেন সুরিয়াভানশি। তার তাণ্ডবে প্রথম ৬ ওভারে ৮২ রান তোলে ভারত ‘এ’ দল।

পঞ্চাশের পর আরও আগ্রাসী হয়ে ওঠেন সুরিয়াভানশি। মুহাম্মাদ ফাজারউদ্দিনকে দুটি চারের মাঝে একটি ছক্কা মারেন তিনি। পরে জাওয়াদউল্লাহকে চার বলের মধ্যে তিনটি ছক্কায় ওড়ান। মুহাম্মাদ আরফানকে চার মেরে পা রাখেন কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে।

সেঞ্চুরির পরও চলতে থাকে তার ঝড়। হার্শিত কৌশিকের ওভারে চারটি ছক্কা ও একটি চার মারেন তিনি। ফারাজউদ্দিনকে ছক্কা মারার পরের বলে ক্যাচ দিয়ে থামে তার বিধ্বংসী ইনিংস।

সুরিয়াভানশির পাশাপাশি ৮৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন অধিনায়ক জিতেশ শার্মাও। তার ৩২ বলের অপরাজিত ইনিংসটি গড়া ৬টি ছক্কা ও ৮টি চারে।

তাদের সৌজন্যে ৪ উইকেটে ২৯৭ রান তোলে ভারত।