‘আম্পায়ারের নির্দেশ অমান্য করায়’ ডেভিডের শাস্তি
অর্থদণ্ড দেওয়া হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেও।
বল চাচ্ছিলেন আম্পায়ার, কিন্তু দিচ্ছিলেন না টিম ডেভিড। ব্যাটিংয়ের সময় দুই দফায় এমন কাজ করে শাস্তি পেয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। তাকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রোববার আইপিএলের ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করায় একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে ডেভিডের নামের পাশে।
আইপিএল কর্তৃপক্ষ পরদিন বিবৃতি দিয়ে জানায়, আচরণবিধির ২.৪ ধারা ভেঙেছেন ডেভিড, যেখানে ম্যাচ চলাকালীন ‘আম্পায়ারের নির্দেশ অমান্য করার’ কথা বলা হয়েছে।
বেঙ্গালুরুর ব্যাটিংয়ের ১৭.২ ওভারে আম্পায়ার বল পরিবর্তন করলে প্রথমবার এমনটা করেন ডেভিড। আইপিএলের বিবৃতিতে বলা হয়, ‘বলটি দেখতে চান ডেভিড এবং এরপর বারবার তার কাছে বল চাওয়া হলেও সেটা আম্পায়ারকে ফেরত দেননি তিনি।’
টিভি ফুটেজে দেখা যায়, ওই সময় বদল করা বলটি নিবিড়ভাবে দেখছিলেন এবং এক হাতে সেটি নিয়ে জাগলিং করছিলেন ডেভিড। আম্পায়ার কান্নুর সোয়ারুপানান্দ তাকে থামানোর চেষ্টা করছিলেন। পরে অন্য আম্পায়ার ভিরেন্দার শার্মা এসে ডেভিডের কাছ থেকে বলটি নিয়ে যান।
১৯তম ওভারের দ্বিতীয় বলের পর ফের একই কাজ করেন ডেভিড। ম্যাচে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যাটিংয়ে নেমে তিন ছক্কা ও দুটি চারে ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
চলতি মৌসুমে এটাই ডেভিডের প্রথম অপরাধ। ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন তিনি।
২৪০ রানের পুঁজি গড়ে মুম্বাইকে ১৮ রানে হারায় বেঙ্গালুরু।
ম্যাচটিতে মন্থর ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। আসরে প্রথমবার নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতীয় তারকা অলরাউন্ডারকে ১২ লাখ রুপি অর্থদণ্ড দেওয়া হয়।
