আদিলের সেঞ্চুরি, জাওয়াদ ও খালিদের ফিফটি
মালয়েশিয়াকে আবার হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।
আগের ম্যাচে প্রথম বলে আউটের হতাশা ভুলে ঘুরে দাঁড়ালেন আদিল বিন সিদ্দিক। উপহার দিলেন দারুণ এক সেঞ্চুরি। সঙ্গে জাওয়াদ আবরার ও খালিদ হাসানের ফিফটিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গড়ল রানের পাহাড়। লক্ষ্যের ধারেকাছেও যেতে পারল না মালয়েশিয়া জাতীয় দল।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জয় ২৩৭ রানে। সিরিজ জিতেছে তারা ৩-০ ব্যবধানে।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে রোববার ৫০ ওভারে বাংলাদেশ করে ৭ উইকেটে ৩৬৯ রান। জবাবে ১০ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। সেখান থেকে ১৩২ পর্যন্ত যেতে পারে তারা।
বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ১৪ চার ও চার ছক্কায় ১১১ বলে ১৩৫ রান করে ম্যান অব দা ম্যাচ হন আদিল।
টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে ভালো শুরু এনে জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম। নবম ওভারের প্রথম বলে দলের রান হয়ে যায় ৮০। এরপরই উড়িয়ে মারার চেষ্টায় লং অফে ধরা পড়েন জাওয়াদ। ৩২ বলে পাঁচটি করে চার ও ছক্কায় ৫৩ রানে থামে তার ইনিংস।
একাদশ ওভারে পুল করার চেষ্টায় উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মঈনুল। তার ২৭ বলের ইনিংসে ছয় চারে আসে ৩০ রান। দুই ওপেনারকে ফেরান আরিফ উল্লাহ।
৯৪ রানে ২ উইকেট হারানো দলকে টানেন আদিল ও খালিদ। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১৭৫ রান। ১৭৬ বল স্থায়ী জুটিতে দুজনই ফিফটি পান একই ওভারে। ৬২ বলে ফিফটি পূর্ণ করেন খালিদ। পঞ্চাশ ছুঁতে আদিলের লাগে ৬৬ বল।
এরপর রানের গতি বাড়িয়ে সেঞ্চুরির পথে দ্রুত এগিয়ে যান আদিল। পরের পঞ্চাশ ছুঁয়ে ফেলেন মাত্র ২৯ বলে। আরও অনেকটা এগিয়ে ৪৪তম ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।
খালিদ থামেন ৭৩ রানে। ৮৬ বলে ছয় চার ও দুই ছক্কায় সাজানো তার ইনিংসটি।
পরে আর বড় কোনো জুটি গড়তে পারেনি বাংলাদেশ। রিজান হোসেন, আহরার আমিন ও পারভেজের ছোট ছোট ইনিংসে ভর করে সাড়ে তিনশ পার করে দল।
রান তাড়ায় ধুঁকতে থাকা মালয়েশিয়া কখনোই ছন্দ পায়নি, ১০ ওভারে ৬৫ রান তুলতে হারায় ৬ উইকেট।
দশে নামা প্রাশান্ত মাধুকারের ২৪ বলে ১৮ রানে ১৩২ পর্যন্ত যেতে পারে মালয়েশিয়া। ছয়ে নামা অধিনায়ক আজিজ ১৫ বলে করেন ২০ রান।
প্রথম দুই ম্যাচে ৫টি করে উইকেট নেওয়া অফ স্পিনার শেখ পারভেজ হোসেনের শিকার এবার ৩টি। আরেক স্পিনার রাফিউজ্জামান রাফিও নেন ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল: ৫০ ওভারে ৩৬৯/৭ (জাওয়াদ ৫৩, মঈনুল ৩০, আদিল ১৩৫, খালিদ ৭৩, রিজান ১৫, আহরার ২৪, দেবাশিস ০, পারভেজ ২৩*, রাফি ০; আজিজ ১০-০-৭৮-৩, আরিফ ৮-০-৮৬-২, ভিজায় ৮-০-৬৮-০, প্রাশান্ত ৭-১-৫২-০, ভিরানদিপ ৮-০-২৮-০, আকিল ৪-০-২৩-০, আমির ৫-০-২৯-০)
মালয়েশিয়া: ৩১.৪ ওভারে ১৩২ (আসলাম ১৫, সাইফ ০, ভিরানদিপ ৪, সাকিব ১৬, আকিল ১৫, আজিজ ২০, আমির ০, ভিজায় ১৬, আজাব ১৪, প্রাশান্ত ১৮*, আরিফ ৮; রাহিন ৭-১-৪২-২, রাফি ৮-১-৪২-৩, পারভেজ ৪.৪-১-১৩-৩, নুহায়েল ৬-২-১৪-১, আহরার ৪-০-১০-১, দেবাশিস ২-০-৮-০)
ফল: বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল ২৩৭ রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: আদিল বিন সিদ্দিক।
