‘উইথ লাভ, টু ফিজ’, মুস্তাফিজকে ধোনির উপহার
মুস্তাফিজকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন ধোনি, আইপিএলজুড়ে পাশে থাকার জন্য ভারতীয় কিংবদন্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের পেসার।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল অভিযান শেষে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। সঙ্গে এনেছেন ভালো পারফরম্যান্সের তরতাজা আত্মবিশ্বাস আর দারুণ কিছু স্মৃতি। পাশাপাশি বিশেষ একটি উপহারও যত্ন করে এনেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার, সেটি মহেন্দ্র সিং ধোনির জার্সি।
দেশে ফেরার পরদিন শুক্রবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছন মুস্তাফিজ। সেখানে দেখা যাচ্ছে, ধোনি নিজের একটি জার্সি তুলে দিচ্ছেন বাঁহাতি পেসারের হাতে। সেখানে অটোগ্রাফ দিয়ে ধোনি লিখেছেন, ‘উইথ লাভ, টু ফিজ।’
আইপিএলে এবারের আগে ছয় মৌসুম খেলেছেন মুস্তাফিজ। চেন্নাই সুপার কিংসে খেললেন এবারই প্রথম। ধোনি এখন আর চেন্নাইয়ের অধিনায়ক নন, তবে দলটির সমার্থক হয়ে উঠেছেন তিনি। চেন্নাইয়ে তার জনপ্রিয়তা আকাশচুম্বি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার এত বছর পরও ভারতীয় ক্রিকেটে তার আবেদন প্রবল।
ধোনির সঙ্গে খেলতে পেরে এবং তার জার্সি উপহার পেয়ে মুস্তাফিজ কতটা উচ্ছ্বসিত, তা ফুটে উঠল মুস্তাফিজের পোস্ট থেকেই।
“সবকিছুর জন্য কৃতজ্ঞতা, মাহি ভাই। আপনার মতো একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুমে থাকতে পারা ছিল বিশেষ এক অনুভূতি। আমার ওপর সবসময় ভরসা রাখার জন্যও কৃতজ্ঞতা। আপনার মূল্যবান সব পরামর্শ সাদরে গ্রহণ করেছি, মনে রাখব সবকিছু।”
https://media.assettype.com/bdnews24/import/bangla/imgAll/2024May/uploads/mustafiz-ms-dhoni-ipl-chennai 030524-02_1714738175.jpg
“দ্রুতই আবার আপনার সঙ্গে দেখা করতে ও একসঙ্গে খেলতে মুখিয়ে আছি।”
চেন্নাইয়ের হয়ে এবার ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। আইপিএলে তার দ্বিতীয় সেরা মৌসুম এটি। ২০২১ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ উইকেট নিলেও ম্যাচ খেলেছিলেন ১৪টি। সেরা মৌসুম কাটিয়েছেন তিনি অভিষেক আসরে, ২০১৬ সালে। সেবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৭ উইকেট নিয়েছিলেন ১৬ ম্যাচে।
আইপিএল খেলার জন্য মুস্তাফিজের অনাপত্তিপত্র ছিল প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত। পরে চেন্নাইয়ের অনুরোধে তা বাড়ানো হয় ১ মে পর্যন্ত। সেদিনই পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি ছিল এবারের আসরে তার শেষ ম্যাচ।
দেশে ফেরার পর আপাতত কিছুটা বিশ্রাম নিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে যদিও ররাখা হয়নি তাকে। তবে শেষ দুই ম্যাচের দলে তাকে রাখা হবে। বিশ্বকাপের আগে তাকে শারীরিক ও মানসিকভাবে চাঙা রাখতে চায় বিসিবি।
