২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ

জুন-জুলাইয়ে আফ্রিকার দেশটিতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শান্ত-লিটনরা।

জিম্বাবুয়েতে ৩ সংস্করণেই খেলবে বাংলাদেশ
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়েতে টেস্ট খেলবে বাংলাদেশ। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 04:33 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

আইসিসির ভবিষ‍্যৎ সফরসূচির পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়েতে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল বাংলাদেশের। পরিবর্তন এসেছে সেখানে। আগামী জুন ও জুলাইয়ে আফ্রিকার দেশটিতে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।

একটি টেস্ট ও দুটি ওয়ানডে কমেছে। এর বদলে যুক্ত হয়েছে তিনটি টি-টোয়েন্টি। 

আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে একমাত্র টেস্ট। একই মাঠে ৬, ৯ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে। 

১৫, ১৭ ও ১৯ জুন বুলাওয়ায়োতে হবে তিনটি টি-টোয়েন্টি। শেষ ম‍্যাচের দিন হবে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। 

টেস্টে এখন পর্যন্ত ২০ বার জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর ৯ টিতে জিতেছে তারা, হেরেছে আটটিতে। 

২০২২ সালের জুলাই-অগাস্টে সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার কোনো টেস্ট ছিল না। সব ম‍্যাচ খেলা হয়েছিল হারারেতে এবং দুটি সিরিজই স্বাগতিকরা জিতেছিল ২-১ ব‍্যবধানে। 

ঘরের মাঠে এটাই চলতি বছর জিম্বাবুয়ের প্রথম সিরিজ। গত ফেব্রুয়ারি-মার্চের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তারা। 

বাংলাদেশ দল আছে খেলার মাঝেই। মাত্রই দুই ম‍্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তানকে। জিম্বাবুয়ে সফরের আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা।