০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

আজিজুলের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল যুবারা

পঞ্চম ও শেষ পাঁচ ম‍্যাচ জিতে সিরিজে হার এড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 06:25 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

ক্রিজে গিয়েই বাউন্ডারিতে ম‍্যাচ শেষ করে দিলেন স্বাধীন ইসলাম। জয় দিয়ে সিরিজ শেষের আনন্দে মাতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাধীন দলকে জয়ের বন্দরে নিয়ে গেলেও ছোট রান তাড়ায় আসল কাজটা করেন আজিজুল হাকিম। চমৎকার সেঞ্চুরিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক এই ওপেনার। 

রাজশাহীতে রোববার পঞ্চম ও শেষ ওয়ানডেতে ২ উইকেটে জিতেছে বাংলাদেশ। সফরকারীদের ২০৮ রান ২৫ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে বাংলাদেশের যুবারা। 

পাঁচ ম‍্যাচের সিরিজ শেষ হয়েছে ২-২ সমতায়। দ্বিতীয় ম‍্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। প্রথমটিতে আলোকস্বল্পতায় আগেভাগে ম‍্যাচ শেষ হলে বাংলাদেশ জিতেছিল ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে। 

সিরিজে আগের তিন ম‍্যাচে কেবল ১৭ রান করতে পেরেছিলেন আজিজুল। এবার ১১৮ বলে তিন ছক্কা ও সাত চারে ১০০ রানের ইনিংস খেললেন তিনি। যুব ওয়ানডেতে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম। তার আগের সেঞ্চুরিটিও ছিল আফগানদের বিপক্ষে। 

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব‍্যাট করতে নেমে প্রথম ওভারেই শূন‍্য রানে ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি। রান আউট হয়ে যান খালিদ আহমাদজাই। ইনিংসের শেষ দিকে সফরকারীদের আরও দুই ব‍্যাটসম‍্যান ফেরেন রান আউট হয়ে। 

মন্থর ব‍্যাটিংয়ে আরেক ওপেনার ওসমান সাদাত ৭ চারে ১০৬ বলে করেন ৬৮ রান। আগের দুই ম‍্যাচের সেঞ্চুরিয়ান ফায়সাল খান ফেরেন কেবল ৩ রানে।

মিডল অর্ডারে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি উজাইরউল্লাহ নিয়াজি (৩২) ও মাহবুব খান (৪০)। পরের ব‍্যাটসম‍্যানদের কেউ বিশ পর্যন্ত যেতে পারেননি। 

বাংলাদেশের হয়ে ১০ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন সামিউন বশির। 

রান তাড়ায় এক প্রান্ত আগলে রাখেন অধিনায়ক আজিজুল। দ্রুত ফেরেন আরেক ওপেনার শাহরিয়ার আহমেদ। থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি কালাম সিদ্দিকি ও রিজান হাসান।

৮৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে টানেন আজিজুল ও ফরিদ হোসেন। দুই জনে গড়েন ৫৪ রানের জুটি।

৪৩ বলে ২৭ রান করে ফরিদ ফেরার পর প্রায় একই দলকে টানেন আজিজুল। নয়ে নেমে তাকে সঙ্গ দেন শারিয়া আল-আমিন। তাদের ৪৬ রানের জুটিতে বাংলাদেশ পৌঁছে যায় জয়ের কাছে। সেখান থেকে বাকিটা সারেন স্বাধীন। 

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২০৮/৮ (খালিদ ০, ওসমান ৬৮, ফায়সাল ৩, উজাইরউল্লাহ ৩২, মাহবুব ৪০, আজিজউল্লাহ ১৯, নাজিফউল্লাহ ১৩, খাতির ৭, জাইতউল্লাহ ৬*, ওয়াহিদউল্লাহ ২*; সাদ ১০-৩-৩৮-১, শাহরিয়া ১০-০-৫৪-১, সামিউন ১০-২-৩৩-২, আজিজুল ৩-০-১১-০, রিজান ৪-০-২৪-০, স্বাধীন ৫-০-১১-০, শাহরিয়ার ৮-০-৩২-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৫.৫ ওভারে ২১১/৮ (আজিজুল ১০০, শাহরিয়া ৩, কালাম ১৫, রিজান ২৭, আব্দুল্লাহ ১, ফরিদ ২৩, দেবাশিস ৭, সামিউন ১, শাহরিয়ার ১৭*, স্বাধীন ৪*; সালাম ৯.৫-০-৩৯-২, ওয়াহিদউল্লাহ ১০-১-২৫-৪, খাতির ৮-০-৪৭-০, জাইতউল্লাহ ৫-০-৪৩-০, উজাইরউল্লাহ ১০-০-৪১-২, নাজিফউল্লাহ ১-০-৮-০, মাহবুব ২-০-৮-০)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২ উইকেটে জয়ী  

সিরিজ: ৫ ম‍্যাচ সিরিজ শেষ ২-২ সমতায়

ম‍্যান অব দা ম‍্যাচ: আজিজুল হাকিম