অনুশীলনে মুস্তাফিজের মাথায় বলের আঘাত
চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে বাঁহাতি এই পেসারকে।
নেটে অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছেন মুস্তাফিজুর রহমান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি এই পেসারকে নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামের একটি হাসপাতালে।
বিপিএলে রোববার কোনো ম্যাচ নেই। এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নেটে বোলিংয়ের সময় বল এসে লাগে মুস্তাফিজের মাথায়।
পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ক্ষত জায়গায় সেলাই করে দিয়েছেন। কুমিল্লার পক্ষ থেকে সংবাদ বিবৃতিতে দলের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল জানিয়েছেন, অভ্যন্তরীন কোনো চোট নেই বাঁহাতি পেসারের।
“অনুশীলনের সময় মুস্তাফিজের মাথার বাম পাশে বলের আঘাত লাগে। সেখানে ক্ষতের সৃষ্টি হলে আমরা রক্ত পরা বন্ধের জন্য ব্যান্ডেজ লাগিয়ে দেই এবং দ্রুততার সঙ্গে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়।”
“সিটি স্ক্যান করার পর আমরা দেখেছি যে, তার চোট শুধু বাহিরের অংশে। মাথার অভ্যন্তরীণ অংশে কোনো ধরনের রক্তক্ষরণ হয়নি। চিকিৎসকরা ক্ষত জায়গায় সেলাই করে দিয়েছেন। তিনি এখন টিম ফিজিওর নিবিড় তত্ত্বাবধানে আছেন।”
নেটে লিটন কুমার দাসকে বোলিং করছিলেন মুস্তাফিজ। ডেলিভারির পর নিজের বোলিং মার্কে ফেরার সময় কারও ডাক শুনে ঘুরে তাকান তিনি। তখনই একটি বল এসে আঘাত করে তার মাথার বাম পাশে পেছন দিকে।
সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন মুস্তাফিজ। ছুটে আসেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ বাকিরা। মাঠেই কিছুক্ষণ প্রাথমিক শুশ্রুষা দেওয়া হয় তাকে। এসময় মাথা থেকে রক্ত ঝরতে দেখা যায়।
পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় মুস্তাফিজকে।
চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে নেওয়া ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা।
