২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ বোর্ডকে ‘অপেশাদার’ মন্তব্য সাকিবদের কোচের, ক্ষমা চাইল ফ্র্যাঞ্চাইজি

ক্রিকেট বোর্ডকে আঘাত করার কোনো উদ্দেশ্য কোচের ছিল না, দাবি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের।

উইন্ডিজ বোর্ডকে ‘অপেশাদার’ মন্তব্য সাকিবদের কোচের, ক্ষমা চাইল ফ্র্যাঞ্চাইজি
এবারের সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। ছবি: অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2025, 07:48 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের চোট নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সমালোচনা করে প্রধান কোচ পল নিক্সনের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। দলটি দাবি করেছে, ক্রিকেট বোর্ডকে আঘাত করার কোনো উদ্দেশ্য কোচের ছিল না। 

চলমান সিপিএলে অ্যান্টিগা দলে আছেন গ্রেভস। তবে চোটের কারণে দলের প্রথম সাত ম্যাচের একটিতেও তিনি খেলতে পারেননি। গত ১২ অগাস্ট পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলার পর কোনো ধরনের ক্রিকেটেই আর মাঠে নামেননি ৩১ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার।

গত বুধবার ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে হারের পর গ্রেভসের চোট নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তোলেন অ্যান্টিগা কোচ নিক্সন। সিডব্লিউআইকে ‘অপেশাদার’ মন্তব্য করে তিনি বলেন, গ্রেভসের চোটের ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে তাদের কিছু জানানো হয়নি। বরং তারা বিষয়টি জানতে পারেন ম্যাচের আগে। 

“আমি খুবই হতাশ যে, গ্রেভস চোটাক্রান্ত অবস্থায় আমাদের কাছে আসায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ব্যাকরুম ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। এটা ছিল হতাশাজনক। ম্যাচের ঠিক আগে, আমরা এই বিষয়গুলো (চোট) জানতে পারি। তাই আমার মতে, এটা কিছুটা অপেশাদার ও অসম্মানজনক ছিল। তবে আমাদের এগিয়ে যেতে হবে।”

“তাকে একটা ইনজেকশন দেওয়া হয়েছে, সেটা কাজ করেনি। যেভাবে সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট থেকে ফিরে এসেছে, তাতে সত্যি বলতে আমি কিছুটা হতাশ। ওই সময় যোগাযোগটা ভালো ছিল না। আমাদের আন্তর্জাতিক অলরাউন্ডারদের মধ্যে একজন ছিটকে গেছে, যা কঠিন।”

নিক্সনের মন্তব্যের কয়েক পর দিন রোববার বোর্ডের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে অ্যান্টিগা ফ্র্যাঞ্চাইজি। 

“চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলাকালীন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে (সিডব্লিউআই) নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যগুলোর বিষয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের প্রধান কোচ পল নিক্সন, ফ্যালকনসের ম্যানেজমেন্ট একসঙ্গে ব্যাখ্যা দিতে চায়। আমরা জোর দিয়ে বলতে চাই যে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রচেষ্টাকে আঘাত করা বা ক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যেকোনো মন্তব্যের জন্য নিক্সন সম্পূর্ণভাবে অনুতপ্ত।”

“এই মন্তব্যগুলোর কারণে সিডব্লিউআই ম্যানেজমেন্ট ও স্টাফদের ওপর অনিচ্ছাকৃত প্রভাব বা আঘাতের জন্য নিক্সন ও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস, উভয় পক্ষই ক্ষমাপ্রার্থী। সিডব্লিউআইয়ের সঙ্গে একটি শক্তিশালী ও সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যা পারস্পরিক শ্রদ্ধা ও খোলামেলা, গঠনমূলক আলোচনার ওপর ভিত্তি করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে।”

এবারের সিপিএলে সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। দলটির হয়ে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।