২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাহিদ রানার কাছে প্রতিটি উইকেটই ‘স্পেশাল’

পাঁচ ওয়ানডের মধ্যে দুইবার পাঁচ উইকেট নিলেন নাহিদ রানা, তবে কোনো একটিকে এগিয়ে রাখতে চান না তরুণ এই ফাস্ট বোলার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2026, 08:25 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

বল তো নয়, যেন একেকটি গোলা। বৈশাখের দাবদাহে নাহিদ রানার হাত থেকে বের হলো আগুনে সব ডেলিভারি। তাতে পুড়ে ছারখার নিউ জিল্যান্ডের ব্যাটিং। তরুণ ফাস্ট বোলার নিলেন পাঁচ উইকেট, যে স্বাদ তিনি পেয়েছিলেন গত মাসে পাকিস্তানের বিপক্ষেও। ওই ম্যাচে আবহাওয়া এত প্রতিকূল ছিল না, প্রেক্ষাপটও ছিল ভিন্ন। তবে কোনো একটিকে আলাদা করে দেখতে রাজি নন নাহিদ।

মিরপুরে সোমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট শিকার করেন নাহিদ। তীব্র গরমেও তার ১০ ওভারের মধ্যে একটি ছাড়া বাকি সব ডেলিভারিতে গতি ছাড়ায় ১৪০ কিলোমিটার।

গত ১১ মার্চ এই মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ। এত গরম তখন ছিল না। সেটি ছিল আবার সিরিজের প্রথম ম্যাচ।

সেখানে নিউ জিল্যান্ডের এই ম্যাচটি বাংলাদেশ খেলতে নামে সিরিজে পিছিয়ে থেকে। খর্ব শক্তির দলের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর বাংলাদেশের ওপর চাপ ছিল অনেক বেশি। তবে চাপ কিংবা তাপ, কোনোটিই যেন স্পর্শ করতে পারেনি নাহিদকে।

সকাল ১১টায় শুরু ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে নিউ জিল্যান্ড। প্রথম সাত ওভার তারা কাটিয়ে দেয় নিরাপদে। অষ্টম ওভারে বল হাতে পেয়ে প্রথম বলেই দারুণ ইনসুইঙ্গারে হেনরি নিকোলসকে ফিরিয়ে কিউইদের শুরুর জুটি ভাঙেন নাহিদ। পরের ওভারে উইকেট ধরা দেয় আরেকটি।

প্রথম স্পেলে ৫ ওভারে ১০ রান দিয়ে উইকেট ছিল তার ২টি। দ্বিতীয় স্পেলেও তিনি উইকেট পান প্রথম ওভারে। এই স্পেলে ২ ওভারে রান দেন ১০। শেষ দুই স্পেলে আরও দুটি শিকার ধরে পূর্ণ করেন পাঁচ উইকেট।

ক্যারিয়ারের প্রথম ১০ ম্যাচের মধ্যেই ২ বার পাঁচ উইকেট শিকারি বাংলাদেশের দ্বিতীয় বোলার নাহিদ। ২৩ বছর বয়সী ফাস্ট বোলার অবশ্য দুটির কোনো একটিকে বেছে নিতে পারছেন না বেশি পছন্দ হিসেবে। 

“সবগুলোই (উইকেট) আমার কাছে স্পেশাল এবং প্রত্যেকটা উইকেটই আমার কাছে ভালো লাগে। উইকেট একজন বোলারের কাছে কম-বেশি থাকে না। আমি দলে ‘ইমপ্যাক্টফুল’ পারফর্ম করতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। আমার কাছে সবগুলো উইকেটই একই মনে হচ্ছে।”

এ দিন নাহিদের দারুণ বোলিংয়ে নিউ জিল্যান্ডকে ১৯৮ রানে গুটিয়ে ৬ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।