১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসএ টোয়েন্টিতে তাইজুলের বদলি কেন উইলিয়ামসন

খবরটি সত্যি হলে দেশের বাইরের লিগে খেলার অপেক্ষা আরও দীর্ঘ হবে বাংলাদেশি স্পিনারের।

এসএ টোয়েন্টিতে তাইজুলের বদলি কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন। ছবি: ডারবান সুপার জায়ান্টস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 06:48 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

ক্যারিয়ারে প্রথমবার বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেও, সেই এসএ টোয়েন্টির আসছে আসরে হয়তো খেলা হবে না তাইজুল ইসলামের। ইএসপিএনক্রিকইনফো তেমন খবরই দিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, ডারবান সুপার জায়ান্টসে বাংলাদেশি স্পিনারের জায়গায় খেলবেন কেন উইলিয়ামসন।

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির গত সেপ্টেম্বরের মেগা নিলামে তাইজুলকে ৫ লাখ র‌্যান্ড (প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন ডলার) দিয়ে দলে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। দলীয় ভারসাম্য ও নানা কারণ মিলিয়ে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলেও নিয়মিত মাঠে নামার সুযোগ পান না তাইজুল। সেখানে এসএ টোয়েন্টিতে তার দল পাওয়াটা বেশ চমক জাগানিয়া।

এই টুর্নামেন্টে দল পাওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটারও তিনিই। যদিও আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রতিযোগিতাটিতে তার খেলা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা আছে, কারণ একই সময়ে হওয়ার কথা বিপিএল।

তিন স্পিনারকে নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছিল ডিএসজি। ছবি: ডারবান সুপার জায়ান্টস

তিন স্পিনারকে নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছিল ডিএসজি

ক্রিকইনফোর প্রতিবেদনে অবশ্য তাইজুলের এসএ টোয়েন্টিতে খেলতে না পারার কোনো কারণ জানানো হয়নি।

তবে প্রতিবেদনটির তথ্য সত্যি হলে, টানা দ্বিতীয়বারের মতো এসএ টোয়েন্টিতে খেলবেন উইলিয়ামসন। গত মৌসুমে এই দলের হয়েই প্রতিযোগিতাটিতে অভিষেক হয় নিউ জিল্যা্ন্ডের তারকা ব্যাটসম্যানের। আসরে দলটির সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি, তারপরও তাকে ছেড়ে দিয়েছিল ডিএসজি।

ওই আসরে আট ম্যাচ খেলে ৪৬.৬০ গড় ও ১১৮.৮৭ স্ট্রাইক রেটে ২৩৩ রান করেন উইলিয়ামসন। মৌসুমটা অবশ্য ভীষণ বাজে কাটে ডিএসজির, টেবিলের তলানিতে থেকে শেষ করে আসর। 

এরপর ক্যারিয়ারে প্রথমবারের মতো দা হান্ড্রেড টুর্নামেন্টে খেলেন উইলিয়ামসন এবং তারপর সাত বছর পর ভাইটালিটি ব্লাস্টে খেলেন। এর কিছুদিন পরই, দেশের বাইরের লিগগুলোয় বেশি বেশি খেলার লক্ষ্যে নিউ জিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান তিনি। 

মাস তিনেক পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এরপরও এই সংস্করণের জাতীয় দল থেকে গত মাসে সরে দাঁড়ান উইলিয়ামসন।