Published : 29 Jul 2026, 10:23 PM
সূটি অনুযায়ী, ভারতীয় দলের বাংলাদেশ সফরের বাকি নেই আর এক মাসও। কিন্তু সেই সিরিজ এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। বিসিবি সভাপতি তামিম ইকবালও এখনও দুলছেন দোলাচলে। আশার কথা যেমন শোনাচ্ছেন তিনি, তেমনি জানালেন নিজের সীমাবদ্ধতার কথাও।
তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে গত বছর বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় দলের। তবে দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে তা পিছিয়ে যায়। বছরের শুরুতে বিসিবি যে সূচি দিয়েছে, সেটি অনুযায়ী আগামী ২৮ অগাস্ট বাংলাদেশে আসার ভিরাট কোহলি, রোহিত শার্মা, শুবমান গিলদের। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বুধবার রাতে তামিম জানালেন, নিশ্চিত কোনো কিছু তিনি এখনও জানাতে পারছেন না।
“ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে দুর্ভাগ্যজনকভাবে আমার কাছে কোনো খবর নেই। আমরা আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির মেইল বিনিময় হচ্ছে। আমরা চেষ্টা করছি সবদিক থেকে। আমি আশা করছি, তারা আসবেন। বাংলাদেশ-ভারত সিরিজের উত্তেজনা অন্য পর্যায়ের, সাংবাদিক, সমর্থক, ক্রিকেটার, সবারই। আমি খুবই আশাবাদী যে তারা আসবে। বাংলাদেশ খুবই নিরাপদ দেশ।”
তামিমের কথায় আভাস মিলল, দুই দেশের বোর্ড ছাপিয়ে ব্যাপারটি এখন নির্ভর করছে দুই দেশের সরকারের ওপর।
“আমাদের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা চেষ্টা করছি। একটা ব্যাপার সবাইকে বুঝতে হবে, আমি বিসিবি সভাপতি, সেটা ঠিক আছে, কিন্তু আমারও একটা সীমা আছে, যেটা আমি কখনোই অতিক্রম করতে পারি না।
আমার জায়গা থেকে, আমার দায়িত্বের মধ্যে যতটুকু করা সম্ভব হচ্ছে, আমি কথা বলছি (সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে), সিরিজটির গুরুত্ব, ভারতের বিপক্ষে সিরিজ কী কী সুবিধা, সব বলার চেষ্টা করছি। কিন্তু কিছু ব্যাপার আছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে।”
বিসিরি বিভিন্ন সূত্রে জানা গেছে, এই মাসেই স্কটল্যান্ডে আইসিসির সভায় আইসিসি প্রধান জয় শাহ ও বিসিসিআই কর্তাদের সঙ্গে এই সফর নিয়ে আলোচনা হয়েছে তামিমের এবং ভারতীয় বোর্ডের এই সফরে আসতে কোনো আপত্তি নেই। বরং তাদেরকে বেশ আগ্রহীই মনে হয়েছে। তবে দুই দেশের সরকারী পর্যায়ে আলোচনার ওপর নির্ভর করবে সিদ্ধান্ত। আইসিসি সভা থেকে দেশে ফিরে সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারের বিভিন্ন দপ্তরে কথাও বলেছেন তামিম।
সময় যেহেতু খুব বেশি নেই, সিদ্ধান্তও খুব দ্রুত হওয়াও জরুরি। তামিম বললেন, সেই সময়টা ঘনিয়ে এসেছে।
“যেটা বললাম, আমার সঙ্গে যে আলোচনা এখনও পর্যন্ত হয়েছে, খুব ইতিবাচক। তবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আমি নিশ্চিত, খুবই দ্রুত আমরা জানতে পারব। খুব একটা দীর্ঘায়িত আর হবে না। সিরিজ স্থগিত হোক বা না হোক, খুব শিগগিরই আমরা জানতে পারব।”