১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসের ভারত দলে বুমরাহ, আছেন সুরিয়াভানশিও

জাপানে সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠেয় আসরের জন‍্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।

এশিয়ান গেমসের ভারত দলে বুমরাহ, আছেন সুরিয়াভানশিও
জাসপ্রিত বুমরাহ (বাঁয়ে) ও বৈভাব সুরিয়াভানশি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 04:28 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

ইউরোপ সফরের টি-টোয়েন্টি দলে বিশ্রাম পাওয়া জাসপ্রিত বুমরাহ খেলবেন এশিয়ান গেমসে। প্রতিযোগিতাটিতে টি-টোয়েন্টি সংস্করণের এই ইভেন্টের জন‍্য পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত।

জাপানে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরে হবে এবারের এশিয়ান গেমস। 

জুন মাসে আয়ারল‍্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। জুলাইয়ে ইংল‍্যান্ডের বিপক্ষে পাঁচ ম‍্যাচের সিরিজ খেলবে এই সংস্করণের বিশ্ব চ‍্যাম্পিয়নরা। ওই সিরিজের দলে থাকা মোহাম্মদ সিরাজের জায়গায় এশিয়ান গেমসে খেলবেন বুমরাহ। বাদ পড়বেন ১৬ জনের দলে থাকা প্রিন্স ইয়াদাভ। 

ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ার জাপানে নেতৃত্ব দেবেন দলকে। ১৫ বছর বয়সী ব‍্যাটিং সেনসেশন বৈভাব সুরিয়াভানশিও খেলবেন এই আসরে।

এশিয়ান গেমস চলাকালীন সময়ে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেবে ভারত। তিন ম‍্যাচের ওয়ানডে সিরিজ হবে ২৭ থেকে ৩ অক্টোবর। আর পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ অক্টোবর। 

এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৪ সেপ্টেম্বর শুরু হবে মাঠের লড়াই, ফাইনাল ৩ অক্টোবর। অংশ নেবে ১০টি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জাপান, নেপাল, মালয়েশিয়া, হংকং, ওমান।

প্রাথমিক পর্বের খেলা হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। কোয়ার্টার-ফাইনাল হবে ২৮ ও ২৯ অক্টোবর। সেমি-ফাইনাল হবে ১ অক্টোবর। পদকের লড়াই দুটি হবে ৩ অক্টোবর। 

২০২৩ সালে চীনের হংজু এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। ফাইনাল বৃষ্টিতে ভেসে যায়। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় রুপা পায় আফগানিস্তান। 

নারীদের ক্রিকেট প্রতিযোগিতা হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। সোনার পদকের জন‍্য লড়াই করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জাপান, থাইল‍্যান্ড, মালয়েশিয়া ও চীন। আগের আসরে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এই ইভেন্টেও সোনা জিতেছিল ভারত। 

এশিয়ান গেমসের জন‍্য ভারতের পুরুষ ক্রিকেট দল: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স‍্যামসন, ইশান কিষান, শিভাম দুবে, তিলাক ভার্মা (সহ-অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, আকসার প‍্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ভারুন চক্রবর্তি, রাভি বিষ্ণই, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদিপ সিং ও বৈভাব সুরিয়াভানশি।