১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

৪২ বলের সেঞ্চুরিতে সুরিয়াভানশির রেকর্ড ভাঙলেন মিনহাস

যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এখন পাকিস্তানের এই ওপেনারের।

৪২ বলের সেঞ্চুরিতে সুরিয়াভানশির রেকর্ড ভাঙলেন মিনহাস
জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরি করার পথে সামির মিনহাসের একটি শট। ছবি: পাকিস্তান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 06:22 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

শূন‍্য রানে আউট হয়ে শুরু করা সামির মিনহাস অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ শেষ করলেন রেকর্ড গড়া সেঞ্চুরি দিয়ে। ভারতের বৈভাব সুরিয়াভানশিকে পেছনে ফেলে যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানের এই ওপেনার। 

হারারের ওল্ড হারারিয়ান্সে মঙ্গলবার ফাইনালে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। জিম্বাবুয়ের ১৫৮ রান তারা ছাড়িয়ে গেছে ২০২ বল বাকি থাকতে।

মাত্র ১৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ‍্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। ফিরে যাওয়ার আগে বিস্ফোরক সেঞ্চুরিতে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান মিনহাস। 

৫১ বলে পাঁচ ছক্কা ও ১৭ চারে ১১৪ রানের ঝড়ো ইনিংস খেলেন মিনহাস। সিরিজে দ্বিতীয় সেঞ্চুরি স্পর্শ করেন তিনি ৪২ বলে।

যুব ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল সুরিয়াভানশির। গত বছর ইংল‍্যান্ডের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেন তিনি। সেই বছর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি সেঞ্চুরি করেন তিনি ৫৬ বলে। 

তাকে পেছনে ফেলে চূড়ায় বসলেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাসের ভাই সামির মিনহাস। 

যুব ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরি ছিল এতদিন কামরান গুলামের। ২০১৩ সালের অগাস্টে লেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ৫৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।