Published : 02 Aug 2026, 11:25 PM
বল হাতে শুরুটা ভালোই ছিল সাকিব আল হাসানের, পেতে পারতেন একটি উইকেটও। কিন্তু এরপর ছন্দ হারিয়ে খরুচে বোলিং করলেন তিনি। শেষ পর্যন্ত আর উইকেটের দেখাও পেলেন না জাফনা কিংসের তারকা অলরাউন্ডার।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) রোববার ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ৩ ওভার বোলিং করে ২৯ রান দেন সাকিব। একটি ছক্কা ও দুটি চার হজম করেন তিনি।
আগের ম্যাচে এলপিএলে নিজের সেরা বোলিং উপহার দেন সাকিব। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষেও অবশ্য খরুচে ছিলেন, দিয়েছিলেন ৪৩ রান। তবে সেদিন বাঁহাতি স্পিনে শ্রীলঙ্কার এই টুর্নামেন্টে প্রথমবার তিন শিকার ধরেছিলেন তিনি।
টস জিতে ফিল্ডিং নেওয়া জাফনা পঞ্চম ওভারে সাকিবকে আক্রমণে আনে। তার প্রথম পাঁচ বলে স্রেফ চারটি সিঙ্গল নিতে পারেন দিনেশ চান্দিমাল ও রিজা হেনড্রিকস। ওভারের শেষ ডেলিভারিতে তাকে পুল করে স্কয়ার লেগে ক্যাচ দেন হেনড্রিকস। কিন্তু বল মুঠোয় রাখতে পারেননি লিজাড উইলিয়ামস।
পাওয়ার প্লেতে স্রেফ পাঁচ রান দিয়ে ওভার শেষ করেন সাকিব।
সপ্তম ওভারটা ভালো হয়নি তার। দুটি চার হজম করে দেন মোট ১১ রান। ওভারের দ্বিতীয় বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে ডিপ মিডউইকেট দিয়ে চার মারেন চান্দিমাল। আর চতুর্থ ডেলিভারিতে ফুলটস পেয়ে একই জায়গা দিয়ে বাউন্ডারি হাঁকান পাভান রাত্নায়েকে।
ত্রয়োদশ ওভারে ফের বল হাতে পেয়ে প্রথম চার বলে পাঁচ রান দেন সাকিব। পঞ্চম বলে তাকে স্লগ সুইপে লং অন দিয়ে ছক্কায় ওড়ান পাভান। ওই ওভারে ১৩ রান দেন সাকিব। এরপর আর বোলিং দেওয়া হয়নি তাকে।
৩২ রান দিয়ে ৩ উইকেট নেন জাফনার লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। দুনিথ ওয়েলালাগে ও উইলিয়ামস ধরেন দুটি করে শিকার।
৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে ডাম্বুলা সিক্সার্স। তাদের ইনিংসের পর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। অনেকটা সময় অপেক্ষা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।