চাপ ছিল, তবে জয়ের বিশ্বাস ছিল মিরাজের
ম্যাচের শেষ সময়ে প্রবল স্নায়ুর চাপের মধ্যেও বিশ্বাস হারাননি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
এক তরফা দুটি ম্যাচের পর সিরিজ নির্ধারণী ম্যাচটি রূপ নিল যেন সত্যিকারের ফাইনালে। লড়াই হলো হাড্ডাহাড্ডি। শেষ দিকে যখন পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য, ুউত্তাপ তখন অনুভব করছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তাতে ভড়কে যাননি বাংলাদেশ অধিনায়ক, তার হৃদয়ে গেঁথে ছিল জয়ের প্রত্যয়।
পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে রোববার ২৯০ রানের পুঁজি গড়ার পর বল হাতেও শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। ৮২ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল, আরেকটি বড় জয় দিয়েই ধরা দেবে সিরিজ জয়। কিন্তু সালমান আলি আগার সেঞ্চুরি ও লোয়ার-মিডল অর্ডারে দারুণ প্রতিরোধে জমে ওঠে ম্যাচ।
শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হাত বদল হয়েছে বেশ কবার। সালমানকে বিদায় করার পরও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। শেষ ওভারের পঞ্চম বলটির আগ পর্যন্ত ম্যাচে সম্ভব সম্ভব ছিল সবকটি ফলই।
শেষ পর্যন্ত শেষর চাপকে জয় করে ১১ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেন মিরাজরা। জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, চ্যালেঞ্জের মুখ পড়লেও দলের ওপর আস্থা হারাননি তিনি।
“চাপ তো অবশ্যই ছিল, তবে আমার বিশ্বাস ছিল যে, ম্যাচটা জিতব। খুব ক্লোজ হয়ে গিয়েছিল খেলাটা, আমরা মাঝের ওভারগুলোতে উইকেট বের করতে পারিনি। আমরা যদিও ওখানে আরও কিছু উইকেট বের করতে পারতাম, তাহলে ভালো হতো।”
সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। চার নম্বর দলকে হারিয়ে সিরিজ থেকে তিন পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন মিরাজরা।
এটি তো বড় প্রাপ্তি বটেই। পাশাপাশি সিরিজ থেকে প্রাপ্তির পালায় দলের বোলিং পারফরম্যান্সের কথা বললেন অধিনায়ক।
“সব মিলিয়ে সবাই দল হিসেবে খেলেছে। আমার কাছে মনে হয়, নাহিদ রানা খুবই ভালো বোলিং করেছে। সবশেষ সিরিজে ও দলে ছিল না। দলে ফিরে এসেছে, ভালো করেছে। প্রথম ম্যাচে পাঁচ উইকেট পেয়েছে। তাসকিনও অনেক ভালো বোলিং করেছে। মুস্তাফিজ ভালো করেছেন। বোলাররা তাদের দায়িত্ব খুব ভালোভাবে পান করেছে। প্রথম ম্যাচে আমরা ওদেরকে ১১৪ রানে অল আউট করেছি। দ্বিতীয় ম্যাচে প্রথম ১০-১২ ওভার আমরা ভালো করতে পারিনি, তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি, শেষের দিকে ৪০ রানে ৬ উইকেট নিয়েছি।”
বোলিং নিয়ে তৃপ্তির পাশাপাশিই ফুটে উঠল ব্যাটিং নিয়ে অস্বস্তি। তবে এই সিরিজের মতো উইকেটে খেলা হলে এই ঘাটতিও কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন মিরাজ।
“হ্যাঁ, কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। আমার কাছে মনে হয় যে, আমরা যদি ‘ট্রু’ উইকেটে ভালো উইকেটে খেলি, ব্যাটসম্যানরা অনেক আত্মবিশ্বাস পাবে। এই সিরিজে আমরা ট্রু উইকেটে খেলেছি এবং ব্যাটসম্যানরা এখানে রান পেয়েছে। এভাবেই আমরা পরিকল্পনা করছি।”
