২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও মেলেনি পারিশ্রমিক, এনামুল বললেন ‘বিসিবি আছে’

বিপিএলে খেলা শুরুর আগেই পঞ্চাশ শতাংশ পারিশ্রমিক পরিশোধের নিয়ম থাকলেও কোনো টাকা পাননি ক্রিকেটাররা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 07:18 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

বিপিএলের প্রতি আসরের নিয়মিত একটি সমস্যা ক্রিকেটারদের পারিশ্রমিক। এবার টুর্নামেন্ট শুরুর দিনই উঠছে সেই প্রশ্ন। উদ্বোধনী ম্যাচ হয়ে গেলেও পারিশ্রমিকের কোনো অংশ পাননি ক্রিকেটাররা। তবে এটি নিয়ে এখনই কোনো প্রশ্ন তুলতে চাইছেন না এনামুল হক। আপাতত বিসিবির ওপর ভরসা রাখছেন দুর্বার রাজশাহী অধিনায়ক।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের নীতিমালা অনুযায়ী, খেলা শুরুর আগেই পরিশোধ করতে হবে ক্রিকেটারদের পারিশ্রমিকের পঞ্চাশ শতাংশ অর্থ। এরপর টুর্নামেন্ট চলাকালে পঁচিশ শতাংশ এবং শেষ হওয়ার পর দিয়ে দিতে হয় বাকি পঁচিশ শতাংশ অর্থ। 

ফরচুন বরিশালের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর এনামুল বলেছেন, এই নিয়ম অনুসরণ করেনি রাজশাহী। খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বিপিএলে কোনো দলই আসলে অগ্রিম পারিশ্রমিকের নিয়ম মানেনি। অর্থাৎ শুরুর আগে কোনো টাকা পায়নি ক্রিকেটাররা।

তবে এটি নিয়ে নেতিবাচক সংবাদ দেখতে চান না রাজশাহী অধিনায়ক। বরিশালের কাছে পরাজয়ের পর সংবাদ সম্মেলনে বিপিএলের ভাবমূর্তি রক্ষায় পারিশ্রমিকের বিষয়টি বড় করে না দেখার কথাই বলেন এনামুল। 

“আমরা এখনও পারিশ্রমিক পাইনি। কেউই পায়নি। মাত্র শুরু হয়েছে বিপিএল। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এরকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর এসেছে।” 

অবশ্য শুধু পারিশ্রমিক না পাওয়াই নয়, রাজশাহীর বিড়ম্বনা আছে আরও। উদ্বোধনী ম্যাচে দলটির জার্সিও আসে বেশ দেরিতে। যে কারণে টসের সময় প্র্যাকটিস জার্সি গায়ে মাঠে নামেন এনামুল।

পরে ভ্যানে করে যথাসময়ে ম্যাচ জার্সি মাঠে আনা হলে বিব্রতকর অবস্থা থেকে রক্ষা পায় দলটি। দলের এক সূত্র জানিয়েছে, নানা সমস্যায় পথে আটকে যায় তাদের জার্সি বহনকারী মাইক্রোবাস। যে কারণে বিকল্প ব্যবস্থায় (ভ্যানে করে) মাঠে আনা হয় জার্সি ও অন্যান্য ক্রিকেটীয় সরঞ্জাম। 

এনামুলও বলেন জার্সি ও ক্রিকেটীয় সরঞ্জাম দেরিতে মাঠে পৌঁছানোর কথা। এসব একপাশে রেখে ইতিবাচক মানসিকতাই রাখতে চাইছেন তিনি। 

“আমরা ইতিবাচকভাবে চিন্তা করি। আশা করি একটা গোছানো পরিবেশ তৈরি হবে। আমাদের কিন্তু ড্রেস (জার্সি) এসেছে অনেক দেরিতে, অনেকের গিয়ার্স (ক্রিকেটের সরঞ্জাম) এসেছে দেরিতে।” 

“বিপিএলটা আমরা ইতিবাচকভাবে নিতে চাই। অবশ্যই মালিকরা (পারিশ্রমিক) না দিয়ে তো যাবে না। বা বিসিবি তো এটার ব্যবস্থা করবে। আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। হয়তো সময়সাপেক্ষের কারণে বিলম্ব হয়েছে। আশা করি, তারা যথাযথ ব্যবস্থা করবে।” 

যদিও এনামুল বলেন যে, পারিশ্রমিক না দিয়ে চলে যাবে না মালিকরা। কিন্তু বিপিএলে এমন নজির আছে অনেক। চলতি মাসেই সাধারণ সভার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, গত আসরের বকেয়া পারিশ্রমিক পরিশোধ শুরু করেছেন তারা। 

সেই কথা মনে করিয়ে দেওয়া হলে শেষ ভরসা হিসেবে বিসিবির দিকে তাকিয়ে থাকার কথা বলেন এনামুল, ‘(পারিশ্রমিক না দিয়ে) চলে যাবে? সেটার ক্ষেত্রে তাহলে বিসিবি আছে।’

পারিশ্রমিক নিয়ে জটিলতা এড়াতে প্রতি আসর শুরুর আগেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের ব্যাঙ্ক জামানত নিয়ে রাখে বিসিবি। এবার শুরুতে সেটি ৮ কোটি টাকা ঠিক করা হলেও পরে কমিয়ে করা হয় ৩ কোটি টাকা। কিন্তু এখনও সব দল বিসিবিতে এই অর্থ জমা দেয়নি। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে প্রতি আসরের মতো এবারও শঙ্কা তাই থেকেই যাচ্ছে।