২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিব, তাইজুলের দিকে তাকিয়ে বাংলাদেশ

রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ আর তরুণ মুস্তাফিজুর রহমানের মতো তিন পেসার আছে বাংলাদেশ দলে। কিন্তু উইকেট পেতে স্পিনারদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাই বড় ভূমিকা রাখতে হবে সাকিব আল হাসান, তাইজুল ইসলামদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 02:15 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনে ক্রিকেটারদের প্রায় অর্ধেকই ছিলেন না। মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদরা এই দিন অনুশীলন করেন।

অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা ইমরুল সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে উইকেট পেতে স্পিনারদের ওপর বেশি নির্ভর করবেন তারা।

“প্রত্যেকটা সিরিজে দেখবেন আমাদের দেশে স্পিনাররাই উইকেট নেয়। আমার মনে হয়, এই সিরিজেও স্পিনারদেরই উইকেট নিতে হবে। কারণ, আমাদের ওই মানের উইকেট এখনও হয় না যে, পেসাররা ৫/৭টা করে উইকেট নিয়ে নেবে।”

টেস্টে পেসারদের ওপর খুব একটা নির্ভরও করে না বাংলাদেশ। নিজেদের সর্বশেষ টেস্টেই ভারতের বিপক্ষে মাত্র এক জন পেসার নিয়ে খেলে স্বাগতিকরা। চট্টগ্রামে দুই পেসার নিয়ে খেললেও দুই বাঁহাতি স্পিনার সাকিব-তাইজুলের ওপর বেশি নির্ভর করবে টাইগাররা।

“আমার মনে হয়, স্পিনারদের  অনেক বড় একটা দায়িত্ব থাকবে। দলে সাকিব-তাইজুল আছে, ওদের ভালো বোলিং করতে হবে এবং উইকেট নিতে হবে।”