অস্ট্রেলিয়াকে ৪১২ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড
কার্ডিফ টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পরও অস্ট্রেলিয়াকে জয়ের জন্য বড় লক্ষ্যই দিতে পেরেছে ইংল্যান্ড। জয় দিয়ে অ্যাশেজ শুরু করতে পুরো দুই দিনে ৪১২ রান চাই সফরকারীদের।
প্রথম ইনিংসে ৪৩০ রান তোলা ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৮৯ রান তোলে। প্রথম ইনিংসে ৩০৮ রানে অলআউট হয়েছিল অস্ট্রেলিয়া।
সোফিয়া গার্ডেন্সে শুক্রবার তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার পেস-স্পিন যুগল আক্রমণে পথ হারায় ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা।
নাথান লায়ন-মিচেল স্ট্যার্কদের বোলিং তোপের মধ্যে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান তোলেন ইয়ান বেল ও জো রুট। দুজনেই করেন ৬০ রান।
অস্ট্রেলিয়ার লায়ন চারটি ও মিচেল জনসন, জস হেইজেলউড ও স্ট্যার্ক দুটি করে উইকেট নিলে ৭০.১ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস। শেষ সেশনে ৮২ রানে ৬ উইকেট হারায় তারা।
এর আগে ৫ উইকেটে ২৬৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়াও ইনিংস বড় করতে পারেনি। বাকি ৫ উইকেট হারিয়ে আর মাত্র ৪৪ রান যোগ করতে পারে সফরকারীরা।
২৯ রান নিয়ে ব্যাট করতে নামা শেন ওয়াটসন আর মাত্র একটি রানই যোগ করতে পারেন।
ইংল্যান্ডের পক্ষে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার জেমস অ্যান্ডারসন। দুটি করে উইকেট পান স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও মইন আলি।
