২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকা সফরে নিউ জিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন

নিজের নেতৃত্বগুণ যাচাই করে নেওয়ার আরেকটা সুযোগ পেয়েছেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য টপঅর্ডার এই ব্যাটসম্যানকে অধিনায়ক করেছে নিউ জিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 02:01 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

নিউ জিল্যান্ড আফ্রিকা সফর করবে আগামী মাসে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে তারা ছয়টি ওয়ানডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এই সিরিজে খেলছেন না নিউ জিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। ৩৩ বছর বয়সী বিধ্বংসী এই ব্যাটসম্যানকে বিশ্রাম দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

এর আগে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেন উইলিয়ামসন। 

ফাস্ট বোলার টিম সাউদিকেও এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। চোটের কারণে নিউ জিল্যান্ডের আরেক ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনও খেলতে পারবেন না।

চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার জিমি নিশাম ও ফাস্ট বোলার অ্যাডাম মিল্ন।

বোলিং অলরাউন্ডার ডগ ব্রেসওয়েল শুধু দক্ষিণ আফ্রিকা সফরে থাকবেন। আর লেগস্পিনার ইশ সোধি জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টির জন্য দলে আছেন।

আফ্রিকা সফরের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল (শুধু দক্ষিণ আফ্রিকা সফরের জন্য), গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, মিচেল ম্যাকক্লেনাগান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিল্ন, কলিন মুনরো, জিমি নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ সোধি (শুধু জিম্বাবুয়ে সফরের জন্য), রস টেইলর, বেন হুইলার।