মুশফিকের পাশে অধিনায়ক
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি মুশফিকুর রহিম। তবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে পাশেই পাচ্ছেন দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। মাশরাফির দৃঢ় বিশ্বাস, শিগগির বড় ইনিংস খেলবেন মুশফিক।
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে ১৪, ৩১ ও ২৪ রানের তিনটি ইনিংস খেলেন মুশফিক। সিরিজে রান না পাওয়ার পেছনে দেশের সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যানের মনোযোগের কোনো ঘাটতি দেখেননি মাশরাফি।
বুধবার ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি সতীর্থ মুশফিকের ওপর নিজের আস্থার কথা জানান।
“মুশফিক আমাদের জন্য অসাধারণ একজন ব্যাটসম্যান। একটা খারাপ সময় যেতেই পারে। ও খুব ভালো শুরু করেছে, কিন্তু দুর্ভাগ্য শেষ করতে পারেনি। ও যেভাবে খেলাটাকে জীবনের অংশ হিসেবে দেখে ওর বড় রান করাটা সময়ের ব্যাপার। আশা করি, শিগগিরই ও বড় রান করবে।”
প্রথম ওয়ানডেতে কিপিং করলেও পরের দুই ম্যাচে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলেন টেস্ট অধিনায়ক মুশফিক। এই দুই ম্যাচে কিপিং করেন লিটন দাস। দেশসেরা পেসার মাশরাফি জানান, কিপিং করা না করা মুশফিকের মনোযোগে কোনো প্রভাব ফেলেনি।
“মানসিক দিক থেকে ওর নড়বড়ে হওয়ার কোনো কারণ দেখি না। ও কিপিং করছে না ওর আঙুলের কারণে। আমরা চাই না, ওর মতো ব্যাটসম্যানকে আমরা হারাই। আবার যদি একটা চাপ লেগে বা ভেঙে গিয়ে ও দুই/তিন মাসের জন্য বাইরে চলে যায় যায়, দল এখন যে অবস্থায় আছে তাতে আমাদের জন্য বড় ক্ষতি হয়ে যাবে।”
অনেক দিন ধরেই মুশফিককে দেখছেন মাশরাফি। মাঠ আর মাঠের বাইরের মুশফিককে খুব ভালো করেই চেনেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই তিনি মনে করেন, মুশফিকের মনোযোগ কম থাকার কোনো সুযোগ নেই।
“সব সময় একটা ছেলেরা কাছে সবাই প্রত্যাশা করলে কঠিনও হবে। কখনও কখনও মানুষ ব্যর্থও হয়, এটাই জীবনের অংশ। ওর মনোযোগ কম দেখি না, দেখতে হবে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে কি না। বাড়তি মনোযোগের জন্য অনেক সময় অনেক কিছু হয়।”
