২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফলোঅন এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

ব্যাটিং ব্যর্থতায় জ্যামাইকা টেস্টে বিপদে পড়েছে ওযেস্ট ইন্ডিজ। স্টিভেন স্মিথের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ের পর বোলারদের চমৎকার বোলিংয়ে দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে আছে অস্ট্রেলিয়া। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 01:11 AM

Updated : 12 Oct 2022, 03:50 PM

শুক্রবারের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ১৪৩ রান। ফলোঅন এড়াতে এখনও ৫৭ রান চাই স্বাগতিকদের। 
 
৪৪ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তরুণ জার্মেইন ব্ল্যাকউড (৫১) ছাড়া আর কেউ ভালো করতে না পারায় সেই বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা।
 
দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন শাই হোপ। ১৩ রানে অপরাজিত রয়েছেন জ্যাসন হোল্ডার। 
 
অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড ও নাথান লায়ন তিনটি করে উইকেট নেন। 
 

এর আগে ক্যারিয়ারের প্রথম টেস্ট দ্বিশতকের খুব কাছাকাছি পৌঁছেও আক্ষেপ নিয়ে সাজ ঘরে ফিরতে হয়েছে স্মিথকে। কিংস্টন টেস্টে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে মোটামুটি শক্ত অবস্থানে তুলে দেওয়া স্মিথ মাত্র এক রানের জন্য দ্বিশতক বঞ্চিত হন। ফ্রাঙ্ক ওরেল ট্রফি সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩৯৯ রান তুলে। অস্ট্রেলিয়ার সঞ্চয়ে সর্বোচ্চ ১৯৯ রান অবদান রাখেন স্মিথ। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক মাইকেল ক্লার্কের (৪৭) ব্যাট থেকে। স্যাবিনা পার্কে জেরোম টেইলরের বিধ্বংসী বোলিং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। তবে স্বাগতিক বোলারদের বিপক্ষে একাই লড়ে যাচ্ছিলেন স্মিথ। ১২৬তম ওভারের শেষ বলে টেইলরের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ভাঙে তার ব্যাটিং প্রতিরোধ। ৩৬১ বলে খেলা স্মিথের ক্যারিয়ার সেরা টেস্টে ইনিংসটি সাজান ২১টি চার ও ২টি ছক্কায়। তার আগের টেস্ট সেরা ছিল গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে খেলা ১৯২ রানের ইনিংসটি। ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার টেইলর; ২৫ ওভারে ৪৭ রান দিয়ে অস্ট্রেলিয়ার ছয় ব্যাটসম্যানকে ফেরান এই পেসার।  প্রথম টেস্টে ৯ উইকেটে জেতা অস্ট্রেলিয়া দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।