২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলিংউডের কলাম: বিদায় নেবে ইংল্যান্ড

নিউ জিল্যান্ডের কাছে ইংল্যান্ডের আত্মসমর্পণ দেখে বিস্মিত পল কলিংউড। টিম সাউদির বোলিং এবং ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিংয়ের সামনে ইংলিশদের শৌখিন ক্রিকেটারের মতো দেখিয়েছে বলে দাবি তার। ধারাবাহিকতায় দলটির প্রথম রাউন্ডে ঝরে পড়ার আশঙ্কাও দেখছেন তিনি। এখন স্কটল্যান্ডের কোচিং স্টাফে থাকা সাবেক এই অলরাউন্ডার আশায় আছেন ইংল্যান্ডের দুঃসময় প্রলম্বিত করার। স্কটল্যান্ডের সঙ্গেই যে ইংল্যান্ডের পরের ম্যাচ!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2015, 08:02 AM

Updated : 25 Apr 2022, 01:03 PM

এমন একপেশে ম্যাচ কখনো দেখেছি কিনা, মনে পড়ছে না। অতীতে অনেকবারই আমরা পিটুনির শিকার হয়েছি হয়তো। কিন্তু নিউজিল্যান্ডের কাছে আট উইকেটের হারে যেমনটা হল, এমন অসহায় আত্মসপর্মণ ইংল্যান্ডকে কখনো করতে দেখিনি।

ইংল্যান্ডের সমর্থক হিসেবে এমন ম্যাচ দেখা ভয়ঙ্কর অভিজ্ঞতা। ছেলেদের জন্য আমার খারাপই লাগছে। দুই দলের আকাশ-পাতাল ব্যবধানের প্রতিফলন খেলাটিতে। আমি কিন্তু ওই পার্থক্য সামর্থ্যর বলে মনে করছি না।

টিম সাউদি ছিল আজ বিশ্বমানের। লেট সুইং পেয়েছে আর নির্ভুল নিশানার বোলিং দিয়ে তৈরি করেছে যাবতীয় সমস্যা। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ ছিল বেশ নেতিবাচক, প্রায় টেস্ট ম্যাচের মতো। সাউদির বোলিংয়ে আজ ভালো আন্তর্জাতিক ক্রিকেটারদেরও দেখিয়েছে শৌখিন ক্রিকেটারদের মতো।

ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটিংয়ের সামনেও তাই। সে বলের সুইং নিয়ে উদ্বিগ্ন ছিল না একেবারে। সুইং করার আগে দ্রুত ব্যাট চালিয়ে বলকে গ্যালারিতে পাঠিয়ে দেওয়াই ছিল বরং লক্ষ্য। বল পেটানোয় ম্যাককালাম বিশ্বের অন্যতম সেরা। আজ প্রথম বল থেকে ওর ব্যাটিং ছিল তেমনই। মুহূর্তের জন্যও দর্শকদের বিনোদন বিলানো থামায়নি সে। ইংলিশ বোলারদের তাকে আউট করার চেষ্টা করতেই হত। কিন্তু কয়েক ওভারের নির্দয় পিটুনির পর ম্যাচটি ইংল্যান্ডের হাত থেকে ফসকে যায় একেবারে।

ওয়েন মর্গানের জন্য মায়া হচ্ছে আমার। একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ডের নেতৃত্ব এসেছে ওর কাছে। আমি মনে করি, ভবিষ্যতের ব্রেন্ডন ম্যাককালাম হতে পারে ও। ঠিক জায়গায় ঠিক ক্রিকেটার নিয়ে দলকে সামনে এগিয়ে নিতে চাইবে মর্গান। কিউই অধিনায়ক বর্তমান দলটির নেতৃত্বে আছে বছর দুয়েক ধরে। এখন বোঝা যায় যে, এটি ওর দল। ক্রিকেটাররা ম্যাককালামের নেতৃত্ব উপভোগ করছে এবং তাদের কাছ থেকে ম্যাককালামও পারছে সেরাটা বের করে আনতে। মর্গানের জন্য বিশ্বকাপের শুরু হল খুব বাজেভাবে। ওর দুর্ভাগ্যও বলতে হবে। কেননা, সম্ভবত বিশ্বকাপের সবচেয়ে ফর্মে থাকা দুই দলের মুখোমুখি শুরুতেই হতে হল ইংল্যান্ডকে।

এখন পর্যন্ত টুর্নামেন্ট দেখে মনে হচ্ছে, বিশ্বকাপ জিততে পারে নিউ জিল্যান্ড। অস্ট্রেলিয়াও। আর নিষ্ঠুর বাস্তবতা হল, ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছে, গ্রুপ পর্বেই হয়তো বিদায় নেবে।

ইংল্যান্ডের একাদশ নির্বাচন নিয়ে দু-একটি কথা না বললেই না। মিডল অর্ডারে রবি বোপারা ও টপ অর্ডারে অ্যালেক্স হেলসকে খেলালে এটি হতে পারত ইংল্যান্ড সর্বকালের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ। কাউন্টি ক্রিকেটও বেশ কিছু দারুণ আক্রমণাত্মক ক্রিকেটার তৈরি করছে। সারের জেসন রয় যেমন। তবে ইংল্যান্ডকে দেখে মনে হচ্ছে, তারা যেন কিছুতেই ঝুঁকির পথে হাঁটতে রাজি নয়। বছর দুয়েক আগে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড সম্ভবত একই সমান্তরালের দল ছিল। এখন দুই দলের কত কত ব্যবধান! ওরা আগ্রাসী পরিকল্পনায় এগিয়েছে বলে সফল হয়েছে।

এখন এই দুঃসময়ে উচিত ইংল্যান্ডের সবার একতাবদ্ধ থাকা।

আমি ইংল্যান্ডের হয়ে দীর্ঘদিন খেললেও পেশার কারণে এখন রয়েছি স্কটল্যান্ডের কোচিং স্টাফে। সোমবার ওদের বিপক্ষে খেলা আমাদের। ম্যাচটি নিয়ে এমনিতেই রোমাঞ্চিত ছেলেরা। সবার মাঝে এই বিশ্বাস রয়েছে যে, ইংল্যান্ডের বিপক্ষে আমরা জিততে পারব। প্রতিনিয়ত আন্তর্জাতিক ম্যাচের প্রতিপক্ষদের আরেকটু কাছাকাছি হওয়ায় বিশ্বাসটা বাড়ছে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে আমরা যেমন লড়েছি শেষ পর্যন্ত। শেষে হারলাম মাত্র তিন উইকেটে। এর আগে প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও আমাদের জেতা উচিত ছিল। এসব কারণেই মনে হচ্ছে, জয় এখন আর স্কটল্যান্ডের খুব দূরে না।

ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচটি আমার জন্য অবশ্যই হবে অদ্ভুত আবেগের। এই ইংল্যান্ড দলে কত দিন খেলেছি, এখানকার কত ক্রিকেটার ছিল আমার সতীর্থ! তবে আবেগ থাকলেও পেশাদারিত্বের খাতিরে আমি শতভাগ রয়েছি স্কটল্যান্ডের সঙ্গে। স্কটল্যান্ডের জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টাই করব তাই।

বিশ্বকাপে সেই প্রথম জয় পাওয়াটা হবে দারুণ ব্যাপার। ইংল্যান্ডের বিপক্ষে তা হওয়ার চেয়ে স্কটিশ ক্রিকেটের জন্য ভালো কিছু হতে পারে না। আমরা যে ওদের সমস্যায় ফেলতে পারব, সে বিশ্বাস রয়েছে। কেননা নিজেদের সামর্থ্যে পূর্ণ আস্থা আছে আমাদের আর জানি জয়টা খুব দূরে নয়।

আশা করি সোমবার ড্রেসিংরুমে আমরা জয় উদযাপনে ‘ফ্লাওয়ার অব স্কটল্যান্ড’ গানটি গাইতে পারব।

আইসিসির সৌজন্যে