ব্যাটিং তাণ্ডবে ম্যাচ সেরা ফিঞ্চ
বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশনের শুরুতেই ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন অ্যারন ফিঞ্চ। আর উদ্বোধনী দিনের দারুণ এই সাফল্যের পথ ধরে পুরো টুর্নামেন্টে দারুণ কিছু করার প্রেরণা পাচ্ছেন একাদশ বিশ্বকাপে প্রথম শতক হাঁকানোর কীর্তি গড়া এই অজি ব্যাটসম্যান।
শনিবার মেলবোর্নে ইংল্যান্ডকে ১১১ রানে বিধ্বস্ত করার ম্যাচে ১৩৫ রান করে ম্যাচ সেরা হন ফিঞ্চ। ১২৮ বলের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কায় ঝড় তোলেন তিনি। এটি তার ষষ্ঠ শতক।
ম্যাচ সেরার পুরস্কার হাতে ফিঞ্চ বলেন, “এই জয়ের মধ্য দিয়ে আমরা টুর্নামেন্টে ভালো ভিত তৈরির ব্যাপারে আশাবাদী।”
ফিঞ্চের দারুণ ওই শতকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩৪৩ রানের বড় লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। জবাবে ৪১ ওভার ৫ বলে ২৩১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
অস্ট্রেলিয়ার সহজ জয়ে মূল ভূমিকা ফিঞ্চের হলেও, ২৮ বছর বয়সী উদ্বোধনী এই ব্যাটসম্যানের মতে, দলের সবার অবদানেই এটা সম্ভব হয়েছে।
“ব্যাট ও বল হাতে এবং ফিল্ডিংয়েও সবাই অবদান রেখেছে।”
