২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান: নিশ্চয়তা কেবল অনিশ্চয়তায়

নিশ্চয়তা কেবল অনিশ্চয়তায়- পাকিস্তান ক্রিকেট দলের বিশ্লেষণে এই বাক্য যথেষ্ট। আর তা সর্বকালের, সর্বযুগের জন্য প্রযোজ্য। হোক সেটি ইমরানের খানের কিংবা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইনজামাম-উল হকের দল। এবারের মিসবাহ-উল হকের পাকিস্তানের ক্রিকেটীয় চরিত্রের উপসংহারও সেটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 03:24 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

বিশ্বকাপের আবহে তাই তারা ফেভারিট কিনা, শক্তিতে অন্যদের চেয়ে কতটা পিছিয়ে, দুর্বলতায় কত এগিয়ে, গৃহদাহের চোরাস্রোতে কেমন বিপর্যস্ত- এসব নিয়ে তর্কের তুফান বয়ে যেতে পারে। বিশ্লেষকরা ছোটাতে পারেন কথার তুবড়ি। তবে পাকিস্তানের তাতে কিচ্ছু যায়-আসে না। ওই অনিশ্চয়তায় ঢাকা ক্রিকেটীয় চরিত্রের কারণেই বিশ্বকাপ জয়ের সুযোগ বরাবরের মতোই রয়েছে তাদের। আর পাকিস্তানের প্রতিপক্ষদেরও তো অজানা নয় তা!

পাকিস্তানের খেলার ধরনে অতীত খুঁড়ে অনুপ্রেরণা নেওয়ার চল নেই খুব। তবে চাইলে এবার নিজেদের উদ্দীপ্ত করার অনেক রসদ খুঁজে পাবে মিসবাহর দল। সবচেয়ে বড় প্রেরণা তো অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডের বিশ্বকাপ। ওই ভিন্ন মহাদেশের ভিন্ন উইকেট-কন্ডিশনে উপমহাদেশের দলগুলো খোঁড়ায় বরাবর। ভারত যেমন সাম্প্রতিক টেস্ট সিরিজ অথবা ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের একটি ম্যাচও জিততে পারেনি। অথচ পাকিস্তানের ওসবে থোড়াই কেয়ার। ১৯৯২ সালে এই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের সর্বশেষ বিশ্বকাপ আয়োজনে যে ট্রফি জিতেছিল তারা।

আর সেটিও কীভাবে! নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০ উইকেটের নতজানু আত্মসমর্পনে শুরু। গ্রুপ পর্বের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয়ের মুখ দেখে তারা। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৭৪ রানে অলআউট হওয়ার লজ্জাজনক রেকর্ডও তো ছিল। বৃষ্টির সৌজন্যে সেই খেলা থেকে এক পয়েন্ট পেয়ে যায় তারা। ওই এক পয়েন্টই পাকিস্তানকে দেয় সেমি-ফাইনালের টিকেট। টুর্নামেন্টে তখনো পর্যন্ত অপরাজেয় নিউ জিল্যান্ডকে পর পর দুই ম্যাচে হারানো, ৭৪ রানে অলআউট হওয়া সেই ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল জয়- ঘুরে দাঁড়ানোর চূড়ান্ত উদহারণ হয়ে আছে পাকিস্তানের সেই সাফল্য।

ইমরান খানের দল যদি সেবার পারে, এবার তাহলে মিসবাহ-উল হকের দল নয় কেন!

বিশ্বকাপ মাঠে গড়ানোর আবহে পাকিস্তান দল অবশ্য হোঁচট খাচ্ছে একের পর এক। প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেন সাঈদ আজমল। এখন অবশ্য নতুন করে স্বপ্ন দেখতে পারেন এই অফ স্পিনার, সম্প্রতি আইসিসি তার বোলিং অ্যাকশন শুদ্ধ ঘোষণা করেছে। 

একই কারণে মোহাম্মদ হাফিজের বোলিংও ছিল নিষিদ্ধ। যে কারণে শুধু ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে চোটের কারণে দল থেকেই ছিটকে পড়তে হয়েছে তাকে। ফাস্ট বোলার জুনায়েদ খানের পরিণতিও অভিন্ন। এসব ধাক্কা সামাল দেওয়ার মতো বিকল্প ক্রিকেটার পাকিস্তানে সবসময়ই থাকে। ১৯৯২ বিশ্বকাপে যেমন চোটের কারণে ওয়াকার ইউনুস দর্শক হয়ে গেলেও তাদের ট্রফিজয় আটকায়নি। সেই ওয়াকার এখন পাকিস্তানের কোচ। নিজের ২৩ বছর আগের দুর্ভাগ্যের কথা মনে করিয়ে দলকে কি তাতিয়ে দিতে চাইবেন না তিনি?

১৯৯২ সালের বিশ্বকাপ সাফল্যে বড় অবদান ছিল দুই কিংবদন্তি ইমরান খান ও জাভেদ মিঁয়াদাদের ব্যাটিং। বুড়িয়ে যাওয়া ওই দুই তারকার এখনকার সংস্করণ মিসবাহ ও ইউনিস খান। দলের ব্যাটিংকে স্থিতি দিতে পারবেন তারা। আর ঝড় তোলার জন্য আহমেদ শেহজাদ, উমর আকমল, সরফরাজ আহমেদ, শহীদ আফ্রিদিরা তো রয়েছেনই। আলাদা করে বলতে হবে আফ্রিদির কথা। বছরখানেক আগ পর্যন্তও ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন তিনি। সঙ্গে অধারাবাহিকতার পুরোনো রোগও আছে। তবে ২০১৪-র শুরু থেকে তাঁর ব্যাটে-বলে আশ্চর্য ধারাবাহিকতা। ১৮ ওয়ানডে খেলে ৪৩২ রান করার পাশাপাশি লেগ স্পিনে নিয়েছেন ১৮ উইকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ খেলা ওয়ানডে সিরিজেও ২৯ বলে ৬৭ রানের সাইক্লোন-ইনিংস রয়েছে আফ্রিদির। বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেওয়া এই অলরাউন্ডারের জন্য শেষটা রাঙিয়ে দেওয়ার মঞ্চ তাই প্রস্তুত।

পাকিস্তানের বোলিংয়ের নেতৃত্ব আছে ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইরফান। প্রতিপক্ষ দলগুলোকে আতঙ্ক ছড়ানোর সামর্থ্য রয়েছে এই জুটির। বিশেষত দৈত্যের মতো দীর্ঘকায় ইরফানকে সামলানো নিয়ে সবার আলাদা পরিকল্পনা করতেই হবে। অস্ট্রেলিয়ার উইকেট থেকে গতি, বাড়তি বাউন্স ও সুইং আদায় করে নিতে পারবেন তিনি। সাবেক পেসার আকিব জাভেদের এই আবিষ্কার এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে নিয়েছেন ৫৭ উইকেট। ১৯৯২-এর ওয়াসিম আকরাম হওয়ার সুযোগ ইরফানের এবারের বিশ্বকাপে। আর ওই কিংবদন্তির অর্জনের জুতোয় পা গলানোর ইচ্ছের কথা প্রকাশ্যেই তো বলেছেন তিনি।

স্পিন বিভাগে ১৯৯২ -এর মুশতাক আহমেদ যেমন হতে পারেন ইয়াসির শাহ। এই লেগ স্পিনার বড় চমক হতে পারেন প্রতিপক্ষ দলগুলোর জন্য।

ফর্মের দিক দিয়ে খুব ভালো অবস্থানে নেই পাকিস্তান। সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে হেরেছে তারা। ২০১৪ সালে খেলা ১৮ ওয়ানডের মধ্যে জয় মোটে ছয়টিতে। সংযুক্ত আরব আমিরাতের সিরিজে নিউ জিল্যান্ডের কাছে ২-৩ এবং অস্ট্রেলিয়ার কাছে ০-৩ ব্যবধানে হেরেছে পাকিস্তান। তবে এই ঘুণে ধরা ফর্ম দিয়ে পাকিস্তানকে বিচার করার বোকামি নিশ্চয়ই বিশ্বকাপের প্রতিপক্ষ দলগুলো করবে না।

পাকিস্তানের গ্রুপ পর্বের প্রতিপক্ষ হিসেবে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত। সেরা চারে থেকে কোয়ার্টার ফাইনালে উত্তরণ তাই পাকিস্তানের জন্য সমস্যা হওয়ার কথা না।

ইতিহাসের পুণরাবৃত্তির স্বপ্ন নিয়ে তাই বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। রূপকথার সেই চিত্রনাট্য ’৯২-তে লেখা হয়েছিল ৪২ বছর বয়সী ইমরানের খানের নেতৃত্বে। এবারের অধিনায়ক মিসবাহর বয়সও কিন্তু তাই।

বিশ্বকাপ রেকর্ড:

১৯৭৫: গ্রুপ পর্ব

১৯৭৯: সেমি-ফাইনাল

১৯৮৩: সেমি-ফাইনাল

১৯৮৭: সেমি-ফাইনাল

১৯৯২: চ্যাম্পিয়ন

১৯৯৬: কোয়ার্টার-ফাইনাল

১৯৯৯: রানার্সআপ

২০০৩: গ্রুপ পর্ব

২০০৭: গ্রুপ পর্ব

২০১১: সেমি-ফাইনাল

পাকিস্তান দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ইউনিস খান, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, এহসান আদিল, সোহাইল খান, ওয়াহাব রিয়াজ, রাহাত আলি।

বিশ্বকাপ সূচি:

তারিখ

প্রতিপক্ষ

ভেন্যু

১৫ ফেব্রুয়ারি

ভারত

অ্যাডিলেইড

২১ ফেব্রুয়ারি

ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চ

১ মার্চ

জিম্বাবুয়ে

ব্রিসবেন

৪ মার্চ

সংযুক্ত আরব আমিরাত

নেপিয়ার

৭ মার্চ

দক্ষিণ আফ্রিকা

অকল্যান্ড

১৫ মার্চ

আয়ারল্যান্ড

অ্যাডিলেইড