বিশ্বকাপে ম্যানেজার খালেদ মাহমুদ
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে যাচ্ছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ।
বৃহস্পতিবার হোটেল র্যাডিসনে বিসিবির সভা শেষে সভাপতি নাজমুল হাসান এই তথ্য জানান।
১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপের একাদশ আসর। এই প্রতিযোগিতার জন্য গত সোমবার থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ দল।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে দুই সপ্তাহের আরেকটি অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। সেই ক্যাম্পের জন্য ২৪ জানুয়ারি দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
গত ৪ জানুয়ারি চূড়ান্ত দল ঘোষণার দিন প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছিলেন, দলের সঙ্গে যাবেন পেসার শফিউল ইসলামসহ দুই জন ক্রিকেটার। অপর ক্রিকেটারের নাম শিগগির ঘোষণা করা হবে।
বৃহস্পতিবারের সভা শেষে নাজমুল হাসান জানান, চূড়ান্ত দলের সঙ্গে অতিরিক্ত কোনো ক্রিকেটার যাচ্ছেন না।
“আমরা জানি না, ঠিক কী ধরণের বিকল্প লাগতে পারে। হয়তো উইকেটরক্ষক লাগতে পারে বা পেসার প্রয়োজন হতে পারে। তাই আমরা কোনো স্ট্যান্ডবাই পাঠাচ্ছি না।”
