২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে হারিয়ে রানার্সআপ দোলেশ্বর

মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রানার্সআপ হয়েছে প্রাইম দোলেশ্বর।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 06:17 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

রোববার রনি তালুকদারের অর্ধশতকে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটিকে ৩ উইকেটে হারায় ইলিয়াস সানির দল।

সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২২০ রান করে মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ মিঠুন।

এ ছাড়া সায়েম আলম ও নাঈম ইসলাম করেন ৪০ রান করে। নাঈম অবশ্য অপরাজিত ছিলেন। আর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা করেন ৩৮ রান।

দোলেশ্বরের পক্ষে ৩টি করে উইকেট নেন শফিউল ইসলাম ও আসিফ আহমেদ।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১৭ রান তুলে ফেলে প্রাইম দোলেশ্বর। রনি ৬১ বলে ৬৩ রান করেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মেহেদি মারুফ করেন ৫৮ রান।

এরপর দ্রুত ৫ উইকেট হারিয়ে ফেললেও সপ্তম উইকেটে ইলিয়াস ও সানজামুল ইসলামের ৪৫ রানের জুটির কল্যাণে জয় নিয়েই মাঠ ছাড়তে পারে দোলেশ্বর।

ইলিয়াস ২৭ ও সানজামুল অপরাজিত ১৮ রান করেন।

মোহামেডানের পক্ষে মোহাম্মদ নবী ৩০ রানে ২ উইকেট নেন।