২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলাবাগানকে হারিয়ে শীর্ষেই প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শীর্ষ স্থান ধরে রেখেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীর সঙ্গে দুই পয়েন্টের ব্যবধান ধরে রাখতে কলাবাগান ক্রীড়া চক্রকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 05:33 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে কুয়াশার কারণে ২৫ ওভারে নেমে আসা ম্যাচে কলাবাগানকে ৪৮ রানে হারায় প্রাইম ব্যাংক।

দশম রাউন্ড শেষে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক। ১৬ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পেছনেই আছে আবাহনী।

বৃহস্পতিবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৯৩ রান করে প্রাইম ব্যাংক।

সর্বোচ্চ ৫৪ রান করেন সাদমান ইসলাম। তার ৫১ বলের ইনিংসটি ৬টি চারে গড়া।

এছাড়া সৌম্য সরকার ৩৫, তাইবুর পারভেজ ২৬ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২২ রান করেন।

কলাবাগানের আব্দুর রাজ্জাক ও নাসুম আহমেদ তিনটি করে উইকেট নেন।

জবাবে ৯ উইকেটে ১৪৬ রানে থেমে যায় কলাবাগানের ইনিংস।

উত্তম সরকার (২৩) ও শামসুর রহমান (২৯) উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন কলাবাগানকে। কিন্তু তাদের ৪৪ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত উইকেট হারানোয় বড় হার এড়াতে পারেনি দলটি।

সর্বোচ্চ ৩১ রান করেন তাসামুল হক। জুপিটার ঘোষ অপরাজিত থাকেন ২১ রানে।

প্রাইম ব্যাংকের তাইজুল ইসলাম, এনামুল হক ও ফরহাদ রেজা দুটি করে উইকেট নেন।

দশম রাউন্ড শেষে এটি কলাবাগানের অষ্টম পরাজয়। চার পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে তারা। রান রেটে পিছিয়ে ১১ নম্বরে রয়েছে পারটেক্স। শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে ওল্ড ডিওএইচএস।