২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে রূপগঞ্জের জয়

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে জয়ে ফিরেছে লেজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2014, 05:29 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

টানা চার ম্যাচ পর পাওয়া ২৮ রানের এই জয়ে সুপার সিক্সের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে রূপগঞ্জের।

সুপার সিক্সের শেষ তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে মোহামেডান, প্রাইম দোলেশ্বর, রূপগঞ্জ ও ভিক্টোরিয়া। প্রথম তিনটি দলের পয়েন্ট ১২, এক ম্যাচ কম খেলা ভিক্টোরিয়ার পয়েন্ট ১০।

বুধবার কুয়াশার জন্য ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩১ ওভারে।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩০ ওভার ১ বলে ২১১ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ।

সর্বোচ্চ ৪৭ রান করে আশহার জাইদি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে।

এছাড়া নাজমুল মিলন ৩৫, সাকিব ৩০ ও অলক কাপালী ২৩ রান করেন।

প্রাইম দোলেশ্বরের ইলিয়াস সানি ২৯ রানে ৩ উইকেট নেন।

জবাবে ৩০ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর।

সর্বোচ্চ ৫৩ রান করেন ডাভিড মালান। এছাড়া মুশফিকুর রহিম ৩২, মিজানুর রহমান ২৬ রান করেন।

ম্যাচ সেরা সাকিব ২৭ রানে নেন ৪ উইকেট। এছাড়া মোহাম্মদ শহীদ ৩ উইকেট নেন ২৮ রানে।