২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারসাম্যপূর্ণ বিশ্বকাপ দল গঠনের চেষ্টায় নির্বাচকরা

নিজেদের শক্তির দিক বিবেচনা করেই ওয়ানডে বিশ্বকাপের দল নির্বাচন করবে বাংলাদেশ। প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, বিশ্বকাপে ভারসাম্যপূর্ণ একটি দলই পাঠাতে চান তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 08:11 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হবে বিশ্বকাপ। সেখানে খেলা বলেই বেশি পেসার নিতে হবে, এমনটা মনে করেন না প্রধান নির্বাচক।

ফারুক জানান, বাংলাদেশের শক্তির দিক হল স্পিন বোলিং। তবে কয়েকজন পেসারও খুব ভালো করছে। তাই নিজেদের শক্তির দিক বিবেচনায় রেখে ভারসাম্যপূর্ণ দল গঠন করতে চান তিনি।

শনিবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দল সম্পর্কে ফারুক বলেন, “দলে চোট সমস্যা থাকতে পারে, তাই আমরা প্রতিটি বিভাগে ব্যাকআপ খেলোয়াড় রাখার চেষ্টা করেছি।”

চূড়ান্ত দল ঘোষণার জন্য এক মাস সময় পাচ্ছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক জানান, ঢাকা লিগে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করবেন তারা।

“এখনো ঢাকা লিগ চলছে, ছেলেরা ছয়-সাতটা ম্যাচ পাবে। এই ম্যাচগুলোও আমাদের বিবেচনায় থাকবে। পুরো দল কখনো পরিবর্তন করা যায় না। চূড়ান্ত দল নির্বাচনের সময় আমরা সম্ভাব্য সেরা দলই নির্বাচন করবো।”

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে উপেক্ষিত নাসির হোসেন ও আব্দুর রাজ্জাক রয়েছেন প্রাথমিক দলে। লিগে ভালো করলে শুধু তারাই নন সবার জন্যই রাস্তা খোলা বলে জানান ফারুক।

“কারো জন্য রাস্তা বন্ধ নয়। তবে শুধু ব্যাটিং, বোলিং নয় ফিল্ডিংয়েও যারা ভালো বিশ্বকাপে তাদের থাকার সম্ভাবনা বেশি থাকবে।”

অবৈধ বোলিংয়ের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে সোহাগ গাজীর বোলিং নিষিদ্ধ। তবে তার দলে না থাকার পেছনে এটাই একমাত্র কারণ নয় বলে জানান প্রধান নির্বাচক।

“সোহাগ খারাপ করছে না। কিন্তু আমরা তার যে রকম পারফরম্যান্স দেখে এসেছি, সে তেমনটা করতে পারেনি। তাই তাকে দলে রাখা হয়নি।”