২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওল্ড ডিওএইচএসকে হারিয়ে জয়ে ভিক্টোরিয়া

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হেরেই চলেছে ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব। তলানির এই দলকে হারিয়ে জয়ে ফিরেছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 07:24 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

কুয়াশার কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে ভিক্টোরিয়া জিতে ৬ উইকেটে।

নবম রাউন্ড শেষে পঞ্চম এই জয়ে মোহামেডান ও লেজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে বসেছে ভিক্টোরিয়া। সুপার সিক্সের লড়াইয়ে থাকা এই তিন দলেরই পয়েন্ট ১০ করে।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৯ রান করে ওল্ড ডিওএইচএস।

সর্বোচ্চ ৫৪ রান করেন অধিনায়ক নেহাদুজ্জামান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান আসে আহসানুল হকের ব্যাট থেকে।

ভিক্টোরিয়ার আবু হায়দার ও মারজান ভূঁইয়া দুটি করে উইকেট নেন।

জবাবে ২৮ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। আগের ম্যাচেই আবাহনী লিমিটেডের কাছে হেরেছিল দলটি।

জসিম উদ্দিনের (৪৮) সঙ্গে ম্যাচ সেরা মাহবুবুল করিমের ১২৪ রানের উদ্বোধনী জুটি দলকে সহজ জয়ের দিকে নিয়ে যায়।

মাহবুবুল খেলেন ৬৮ রানের চমৎকার এক ইনিংস। তার ৫৮ বলের ইনিংসটি ৯টি চার ও ২টি ছক্কা সমৃদ্ধ।

উদ্বোধনী জুটি ভাঙার পর দ্রুত তিন উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি ভিক্টোরিয়ার।

প্রিমিয়ার লিগে এনিয়ে টানা নয় ম্যাচে হারল ওল্ড ডিওএইচএস।