২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধুর সমস্যায় নির্বাচকরা

জিম্বাবুয়ে সফরে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছে বাংলাদেশ; যার ফলও ইতিবাচক। কিন্তু এতে নির্বাচকরা কঠিন সমস্যায় পড়ে গেছেন বলে মনে করেন বিসিবি প্রধান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 08:29 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান ছাড়া তিন স্পিনারকে খেলায় বাংলাদেশ। আরাফাত সানি আগেও খেলেছিলেন, আর অভিষেক হয় জুবায়ের হোসেন ও তাইজুল ইসলামের।

বিসিবি সভাপতি নাজমুল হাসান মনে করেন, সবাই ভালো করায় বিশ্বকাপের দল নির্বাচন করা খুব কঠিন হবে নির্বাচকদের জন্য।

ফারুক আহমেদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিতে আছেন মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার। তিন জনই জাতীয় দলের সাবেক অধিনায়ক।

“এখন জুবায়ের আছে, তাইজুল আছে, আরাফাত সানি আছে। ওখানে হয়তো তিন পেসার নিয়ে খেলতে চাইবে। তিন জনের দুইজনকে তো বাদ দিতেই হবে। কাকে যে বাদ দেবে। খুব কঠিন সিদ্ধান্ত নির্বাচকদের নিতে হবে।”

বিসিবি সভাপতি জানান, অনেকটা তার আগ্রহেই ওয়ানডেতে খেলানো হয় তাইজুলকে।

“ওরা আমাকে বলেছিল, তাইজুল বড় দৈর্ঘ্যের বোলার। আমার একটা ইচ্ছা ছিল ওকে দেখার। আমার মনে হয়নি ওকে খেলাবে। কিন্তু ভালোই তো খেলল। একটা বিশ্ব রেকর্ড তো করল।” ওয়ানডে অভিষেকে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকের অনন্য রেকর্ড গড়েন তাইজুল। আর এই বাঁহাতি স্পিনার মনে করেন, টেস্ট ও ওয়ানডেতে খেলার সামর্থ্য তার রয়েছে। অন্য দিকে, চতুর্থ ওয়ানডেতে অভিষিক্ত লেগস্পিনার জুবায়ের জানান, বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন তিনি। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক খেলেননি সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে। অবৈধ বোলিংয়ের জন্য নিষিদ্ধ অফস্পিনার সোহাগ গাজীও ছিলেন না স্বাগতিক দলে। তারা নির্বাচকদের কাজটা আরো কঠিন করে তুলতে পারেন।