২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিং র‌্যাংকিংয়ে সাকিবের দারুণ উন্নতি

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব আল হাসান। আইসিসির ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে চার ধাপ উঠে অস্ট্রেলিয়ার মিচেল জনসনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 04:00 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

পুরনো খবর:

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিক, মাহমুদুল্লাহর উন্নতি
বোলিংয়ে সেরা সাকিব

সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে সাকিবের পয়েন্ট ৬৮০। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জনসনেরও সমান পয়েন্ট।

৭৭০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সাঈদ আজমল আছেন সবার শীর্ষে। ৭৫৩ পয়েন্ট নিয়ে এরপর আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন (৬৯৯ পয়েন্ট) ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (৬৮৩ পয়েন্ট)।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে সাকিব ১২.৩৬ গড়ে নেন ১১ উইকেট; সেরা ৪/৪১। প্রতি ২২.৯ বলে একটি করে উইকেট নেন তিনি।

অতিথিদের রান নেয়ার কাজটাও কঠিন করে তুলেছিলেন সাকিব। তার বিপক্ষে পুরো সিরিজে খুব একটা স্বাচ্ছন্দ্য ছিলেন না জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ওভার প্রতি মাত্র ৩.২৩ করে রান দেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো বোলিং করায় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ৯ ধাপ উন্নতি হয়েছে। র‌্যাংকিংয়ে দেশসেরা পেসার এখন আছেন ২১তম স্থানে।

সিরিজে ১৬.৪৪ গড়ে ৫ ম্যাচে ৯টি উইকেট নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

পেসার রুবেল হোসেন ৬ ধাপ এগিয়ে আছেন ৫৭তম স্থানে। তবে অফস্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৬৪তম স্থানে।

সিরিজের প্রথম তিন ম্যাচ খেলা স্পিনার আরাফাত সানি ২২ ধাপ এগিয়ে আছেন ৭৪তম স্থানে।