২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বড় প্রাপ্তি ‘৮-০’

জিম্বাবুয়ে সিরিজের আগে টেস্ট ও ওয়ানডেতে চলতি বছর কোনো জয় ছিল না বাংলাদেশের। তাই এই সিরিজটি ছিল স্বাগতিকদের জন্য অনেক বড় একটি পরীক্ষা। আর তাতে ভালো ভাবেই উৎরে গেছে মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজার দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 09:40 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

তিন ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ এবং ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৫-০ ব্যবধানে জয়ের পর মুশফিক জানান ‘৮-০’ সিরিজে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

“সারা বছর আর কোনো ম্যাচ জিতিনি। এখন সব মিলিয়ে হল ৮-০। পাড়ার দলের সঙ্গে খেললেও এরকম হওয়াটা কঠিন। এই সাফল্য এসেছে দলের সব ক্রিকেটারের কৃতিত্বে।”

ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় মুশফিক মনে করেন, ভীষণ চাপ থেকে বের হতে পারা তাদের আরেকটি বড় প্রাপ্তি।

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দুই অধিনায়কের যুগে প্রবেশ করে বাংলাদেশের ক্রিকেট। টেস্ট দলের নেতৃত্বে এখনো আছেন মুশিফক। কিন্তু ওয়ানডে দলে নেতৃত্বে এসেছেন মাশরাফি।

মাঠের বাইরে আলোচনা আর পরিকল্পনা করার কাজটাই কেবল ‘মিস’ করেন মুশফিক। মাঠে পুরোটা সময় অধিনায়ক মাশরাফিকে সহায়তা করেন তিনি। হারতে থাকা দলকে জয়ের পথে আনায় নতুন অধিনায়ককেই কৃতিত্ব দিলেন সিরিজের সেরা খেলোয়াড় মুশফিক।

চার নম্বরে ব্যাটিং করতে পছন্দ করেন মুশফিক। এই সিরিজে বেশিরভাগ ম্যাচে ছয় নম্বরে ব্যাটিং করেন তিনি। তবে দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত বলে জানান তিনি।

উইকেটরক্ষক মুশফিক দলের অন্যতম সেরা ব্যাটসম্যানও। সেই সঙ্গে অধিনায়কত্বের চাপ। তাই তার ওপর চাপ কমাতে ওয়ানডের নেতৃত্বে থেকে তাকে সরিয়ে দেয় বিসিবি। এরপরই চমৎকার ব্যাটিং করে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

মুশফিক জানান, দলে অবদান রাখাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দল খারাপ অবস্থায় পড়ে গেলে সেখান থেকে বের করে আনতে পারলে ভালো লাগে তার।

আপাতত উইকেটরক্ষকের দায়িত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই মুশফিকের। ব্যাটিংয়ের মতো উইকেটরক্ষণও খুব উপভোগ করেন বলে জানান তিনি।