পাকিস্তানের বিশাল জয়
সংযুক্ত আরব আমিরাতে ‘হোম ভেন্যু’তে দুর্বার হয়ে উঠেছে পাকিস্তান। আবু ধাবিতে সিরিজের প্রথম টেস্টে নিউ জিল্যান্ডকে ২৪৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
বৃহস্পতিবার টেস্টের পঞ্চম দিন সকালে নিউ জিল্যান্ডের শেষ দুটি উইকেট তুলে নিতে এক ঘণ্টার একটু বেশি সময় লাগে স্বাগতিকদের।
দিনের দ্বিতীয় ওভারেই ইয়াসির শাহ মার্ক ক্রেইগের প্রতিরোধ ভাঙেন। ৭০ বলে ২৮ রান করে ক্রেইগ ফিরে যাওয়ার পর পাকিস্তানের জয়টাকে মনে হচ্ছিল শুধুই সময়ের ব্যাপার।
দশম উইকেট জুটিতে অবশ্য প্রতিরোধ গড়ে তোলে নিউ জিল্যান্ড। ইস সোধি ও ট্রেন্ট বোল্ট ১৫.১ ওভার ব্যাট করে ৫৪ রান তোলেন।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট অর্ধশতক করেন সোধি। ইমরান খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৩ রান করেন তিনি। ১০২ বলের ইনিংসটি ৭টি চার ও একটি ছয়ে সাজানো।
৪৩ বলে অপরাজিত ১৯ রান করে সোধিকে ভালোই সঙ্গ দেন বোল্ট।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইয়াসির। ২টি করে উইকেট নেন রাহাত আলি, জুলফিকার বাবর ও ইমরান।
দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান পাকিস্তানের তরুণ পেসার রাহাত।
এই জয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। স্বাগতিকদের এটি টানা তৃতীয় টেস্ট ম্যাচ জয়। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
আর ১৫তম জয় পেয়ে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদকে পেছনে ফেলে পাকিস্তানের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হয়েছেন মিসবাহ-উল হক।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫৬৬/৩ ইনিংস ঘোষণা (শেহজাদ ১৭৬, মিসবাহ ১০২*, ইউনুস ১০০*, হাফিজ ৯৬; অ্যান্ডারসন ২/৬৮) ও ১৭৫/২ ইনিংস ঘোষণা (হাফিজ ১০১*; সোধি ২/৬৬)।
নিউ জিল্যান্ড: ২৬২ (ল্যাথাম ১০৩, অ্যান্ডারসন ৪৮, ওয়াটলিং ৪২; রাহাত ৪/২২, বাবর ৩/৭৯) ও ২৩১ (ল্যাথাম ২০, ম্যাককালাম ৩৯, উইলিয়ামসন ২৩, টেইলর ৮, অ্যান্ডারসন ২৩, নিশাম ০, ওয়াটলিং ০, ক্রেইগ ২৮, সাউদি ৫, সোধি ৬৩, বোল্ট ১৯*; ইয়াসির ৩/৭৪, ইমরান ২/৩৭, বাবর ২/৪৮, রাহাত ২/৪৮, হাফিজ ১/২১,)।
ম্যাচ সেরা: রাহাত আলি (পাকিস্তান)।
সিরিজ: ৩ টেস্টের সিরিজে পাকিস্তান ১-০ ব্যবধানে এগিয়ে।
