হার দিয়ে উইন্ডিজ সফর শেষ ‘এ’ দলের
হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হল বাংলাদেশ ‘এ’ দলের। বার্বাডোজে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের কাছে ৮ উইকেটে হেরেছে তারা।
প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জেতায় সিরিজ শেষ হল ১-১ সমতায়। এর আগে চার দিনের দুই ম্যাচের সিরিজ ১-০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ।
রোববার কেভ হিলের থ্রি ডব্লিউস ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২৫ রান করে বাংলাদেশ।
১৯ রানে ৩ উইকেট নিয়ে হাই পারফরম্যান্স সেন্টারের সেরা বোলার শেলডন কট্রেল।
জবাবে ১৫ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হাই পারফরম্যান্স সেন্টার।
সর্বোচ্চ ৫৩ রানে অপরাজিত থাকেন জোনাথন কার্টার। আন্দ্রে ফ্লেচার অপরাজিত থাকেন ৪৪ রানে।
বাংলাদেশের পক্ষে শফিউল ইসলাম ১৯ রানে নেন ২ উইকেট।
