রুটের দ্বিশতকে লর্ডসে এগিয়ে ইংল্যান্ড
জো রুটের অপরাজিত দ্বিশতকে লর্ডস টেস্টে সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ড।
প্রথম টেস্টে ৯ উইকেটে ৫৭৫ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৪০ রান।
শুক্রবার ৫ উইকেটে ৩৪৪ রান নিয়ে খেলা শুরু করে ইংল্যান্ড। নবম ওভারেই প্রায়রের বিদায়ে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। এরপর অভিষিক্ত ক্রিস জর্ডানও বিদায় নিলে অস্বস্তিতে পড়ে ইংল্যান্ড।
অষ্টম উইকেটে অষ্টম উইকেটে স্টুয়ার্ট ব্রুডের সঙ্গে ৬৪ ও নবম উইকেটে লিয়াম প্লানকেটের সঙ্গে ৮১ রানের দুটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন রুট। তার দ্বিশতক পূর্ণ হওয়ার পরই ইনিংস ঘোষণা করেন অধিনায়ক অ্যালেস্টার কুক।
প্রথম দ্বিশতকে পৌঁছানো রুটের ২৯৮ বলের ইনিংসে ছিল ১৬টি চার।
শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদীপ ১২৩ রানে নেন ৪ উইকেট।
জবাবে ৫৪ রানে দিমুথ করুনারত্নে (৩৮) ফিরে গেলেও কৌশল সিলভা ও কুমার সাঙ্গাকারার দৃঢ়তায় ভালোভাবেই দিন শেষ করেছে অতিথিরা। সিলভা ৬২ ও সাঙ্গাকারা ৩২ রানে ব্যাট করছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫৭৫/৯ ইনিংস ঘোষণা (কুক ১৭, রবসন ১, ব্যালান্স ২৩, বেল ৫৬, রুট ২০০*, মঈন ৪৮, প্রায়র ৮৬, জর্ডান ১৯, ব্রড ৪৭, প্লানকেট ৩৯, অ্যান্ডারসন ৯*; প্রদীপ ৪/১২৩, এরাঙ্গা ৩/১৬৩, কুলাসেকারা ১/৮৩, হেরাথ ১/১৩৬)
শ্রীলঙ্কা: ১৪০/১ (করুনারত্নে ৩৮, সিলভা ৬২*, সাঙ্গাকারা ৩২*; জর্ডান ১/২৬)
