২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রিকের কোচিংয়ে মুগ্ধ আল-আমিন

হিথ স্ট্রিকের সঙ্গে প্রথম দিনের অনুশীলন শেষে মুগ্ধ বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফেোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 06:14 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আল-আমিন বলেন, “প্রথম দিনটা ভালো গেছে। আজ তিনি আমাদের দেখেছেন। ‘ওভার স্টেপিং’ কিভাবে কমানো যায় সে ব্যাপারে ধারণা দিয়েছেন।”

সীমিত ওভার ক্রিকেটের শেষ দিকে বল করতে সমস্যায় পড়তে হয় বাংলাদেশের পেসারদের। শুরুতেই তাই ‘ডেথ বোলিং’ নিয়ে কাজ শুরু করেছেন নতুন এই বিশেষজ্ঞ পেস বোলিং কোচ।

“ডেথ ওভার বোলিংয়ে আমাদের সমস্যা হয়। এটা নিয়ে তিনি কথা বলেছেন। সমস্যা সমাধানে ‘ইয়র্কার’ ও ‘স্লোয়ার’ নিয়ে কথা বলেছেন তিনি।”

স্ট্রিক নতুন বলে ব্যাটসম্যানদের বিপক্ষে বল করতে দিয়েছিলেন বোলারদের। ব্যাটিং দেখে শিষ্যদের বলে দিচ্ছিলেন ব্যাটসম্যানের দুর্বলতা ও সবলতা। আল-আমিন জানান, ব্যাটিং দেখে স্ট্রিক বোলারদের বলে দিচ্ছিলেন কোন দিক থেকে কিভাবে বল করতে হবে।

ভিডিও দেখে যদি মনে হয় কোথাও সমস্যা রয়েছে তবেই স্ট্রিকের সঙ্গে তা নিয়ে কাজ করবেন আল-আমিন। বড় ধরনের কোনো পরিবর্তন আনতে চান না বলে জানান এই পেসার।

“তেমন কোনো পরিবর্তনের কথা বলেননি। হাত একটু বাঁকা ছিল তিনি সেটা ঠিক করে দিয়েছেন। আহামরি কোনো পরিবর্তন নয় যে খুব কষ্ট হবে।”