বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে ‘এ’ দল ঘোষণা
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে ‘এ’ দল ঘোষণা করা হয়েছে, যাতে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মার্ক ভারমেউলেন।
বাংলাদেশ সফরে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে জিম্বাবয়ে ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ বিপক্ষে সিরিজ খেলতে ২৮ জুন দেশ ছাড়বে দলটি। সিরিজের সূচি এখনো ঘোষণা করা হয়নি।
৮টি টেস্ট ও ৪৩টি ওয়ানডে খেলা ভারমেউলেন এই মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬৪.৪৪ গড়ে ৫৮০ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহক রেগিস চাকাবভাও রয়েছেন এই দলে।
পেসার ডোনাল্ড টিরিপানো ও অফস্পিনার জন নিউমবোও রয়েছেন চার দিনের সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে।
গত সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের শেষ টেস্টে খেলেছিলেন এই দলে থাকা চাকাবভা, শিঙ্গি মাসাকাদজা, টিনো মায়োয়ো ও ম্যালকম ওয়ালার।
চার দিনের ম্যাচের সিরিজ শেষে ভারমেউলেনসহ পাঁচ জন দেশে ফিরে যাবেন। তাদের বদলে দলে যোগ দেবেন সিকান্দর রাজাসহ পাঁচ জন।
চার দিনের সিরিজে জিম্বাবুয়ে ‘এ’ দল: রেগিস চাকাবভা, ব্রায়ান চারি, মাইকেল চিনোওইয়া, লুক জংউই, রয় কাইয়া, টিমিসেন মারুমা, শিঙ্গি মাসাকাদজা, টিনোটেন্ডা মায়োয়ো, ব্রাইটন মুগোচি, টিনোটেন্ডা মুতুমবদজি, রেমন্ড মুতুমবামি, জন নিউমবোও, ডোনাল্ড টিরিপানো, মার্ক ভারমেউলেন, ম্যালকম ওয়ালার।
ওয়ানডে সিরিজে যোগ দেবেন: সিকান্দর রাজা, জয়লর্ড গামবি, তাফাদজওয়া কামুনগজি, নেভিল মাদজিভা ও ফ্রস্টার মুতিজওয়া।
