বেলতলায় যাবেন না আজমল
পাকিস্তান দলের টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের ঘটনা থেকেই শিক্ষা পেয়েছেন সাঈদ আজমল। তাই ফিরিয়ে দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়কত্বের প্রস্তাব। নিজের ক্রিকেট নিয়েই ‘নির্ভার’ থাকতে চান এই অফস্পিনার।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পদত্যাগ করেন মোহাম্মদ হাফিজ। এরপর থেকে এই সংস্করণে অধিনায়ক খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।
কিন্তু আজমাল জানান, অধিনায়ক নয় খেলোয়াড় হিসেবে দলে থাকাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
“পাকিস্তানে অধিনায়কত্ব সহজ নয়। খারাপ কিছু হলেই তার দায় বর্তায় অধিনায়কের ওপর। ঠিক তাই হয়েছে মোহাম্মদ হাফিজের ক্ষেত্রে। বিশ্বকাপ থেকে আমাদের বিদায়ের পর তিনি পদত্যাগ করেছেন। কারণ সব দায় তার ওপর চাপানো হয়েছিল।”
“আমাকে অধিনায়কত্ব নেয়ার কথা বলা হয়েছিল তবে আমি ফিরিয়ে দিয়েছি। আমি নিজের ক্রিকেট নিয়ে নির্ভার থাকতে চাই”, যোগ করেন আজমল।
শ্রীলঙ্কায় পরের সিরিজে কোনো টি-টোয়েন্টি ম্যাচ নেই পাকিস্তানের। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।
