মধ্য প্রদেশের বিপক্ষে লড়ছে অনূর্ধ্ব-১৯ দল
চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৫ রান করেছে ভারতের মধ্য প্রদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ সেশনে চার উইকেট তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি অতিথিরা।
দ্বিতীয় ঘণ্টার শুরুতেই দলকে সাফল্য এনে দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন। ৪ রানের ব্যবধানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে বিদায় করেন এই দুজনে।
৪২ রানে ২ উইকেট হারানো অতিথিদের চা-বিরতিতে ২ উইকেটে ১৮৭ রানে পৌঁছে দিয়েছিলেন সিদ্ধার্থ পাতিদার ও অর্জুন প্যাটেল।
বিরতি থেকে ফিরেই উইকেট হারায় অতিথিরা। সিদ্ধার্থকে বিদায় করে ১৪৬ রানের জুটি ভাঙার কৃতিত্ব সালেহ আহমেদের। ৯২ রান করা সিদ্ধার্থের ১৩৫ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
এরপর বেশিক্ষণ টিকেননি অর্জুনও। সালেহর দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৫৯ রান করেন তিনি।
দিনের শেষ তিন ওভারে আরো দুটি উইকেট তুলে নিয়ে অতিথিদের অস্বস্তিতে ফেলেছে স্বাগতিকরা। সালমান খানকে রান আউট করেন মেহেদী হাসান মিরাজ। শেষ ওভারে নিতিশ লাসকারিকে বিদায় করেন মেহেদী হাসান রানা।
বাংলাদেশের পক্ষে সালেহ আহমেদ ২ উইকেট নেন ৫৩ রানে।
