সালমাদেরও সমান সুবিধা দেয়ার প্রতিশ্রুতি
মেয়েদের ক্রিকেটকে জনপ্রিয় করতে সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
বুধবার ধানমন্ডি স্টেডিয়ামে ষষ্ঠ মহিলা ক্লাব কাপ ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধনের সময় তিনি জানান, মুশফিকুর রহিমদের যে ধরনের সুযোগ সুবিধা দেয়া হয় একই রকম সুযোগ সুবিধা পাবেন সালমা খাতুনরাও।
বুধবার ১৪টি দল নিয়ে শুরু হয়েছে ষষ্ঠ মহিলা ক্লাব ক্রিকেট। এখান থেকে ৮/১০টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আর বাকি দলগুলো নিয়ে প্রথম বিভাগ লিগ আয়োজন করবে বিসিবি।
তবে প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে গত তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডান ও ইন্দিরা রোডের মধ্যকার উদ্বোধনী ম্যাচ। খেলা হওয়ার কথা ছিল ধানমন্ডি স্টেডিয়ামে।
নাজমুল হাসান জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানো ইস্যুর ব্যাপারে ৩০ মে পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। চলতি মাসের মধ্যেই এর সমাধান আশা করছেন তিনি।
“১৫/২০ দিন আগে জিজ্ঞেস করেছিলাম। সে সময় তারা বলেছিল দুই থেকে তিন সপ্তাহ লাগবে। চলতি মাসের মধ্যে না হলে আমি ব্যক্তিগতভারে চিঠি দেবো।”
টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে ব্যস্ত থাকায় খেলার ব্যাপারে এতো দিন মনোযোগ দিতে পারেননি বিসিবি সভাপতি। এখন খেলোয়াড়দের কথা শুনতে চান তিনি।
“আমরা নতুন একটি ম্যানেজমেন্টে যাচ্ছি। খেলোয়াড়দের কাছ থেকে আমরা যা চাই তা কোচদের বলবো। বিশেষ করে ওদের শৃঙ্খলা ও দায়বদ্ধতার ব্যাপারে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ওদের লক্ষ্যটা জানবো। নতুন কোচের সঙ্গে তিন মাস কাজ করার পর তারা ভালো না মন্দ করলো তা জানবো।”
