২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে কলকাতা

২০১২ সালের পর আবার আইপিএলের ফাইনালে উঠলো কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই ২৮ রানে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 08:27 PM

Updated : 13 Oct 2022, 12:09 PM

বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৬৩ রান করে স্বাগতিকরা।

দ্বিতীয় ওভারেই অধিনায়ক গৌতম গম্ভীরকে হারালেও দলকে ১ উইকেটে ৬৭ রানে পৌঁছে দিয়েছিলেন রবিন উথাপ্পা (৩০ বলে ৪২) ও মনিশ পাণ্ডে (২১)। তিন বলের মধ্যে এই দুই ব্যাটসম্যানের বিদায়ে অস্বস্তিতে পড়ে কলকাতা।

সেখান থেকে দলকে ৩ উইকেটে ১০৮ রানে নিয়ে যাওয়ার কৃতিত্ব সাকিব আল (১৮) হাসান ও ইউসুফ পাঠানের (২০)। পরপর দুই বলে তাদের বিদায় করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান ক্রান্তিবীর সিং। তার হ্যাটট্রিক ঠেকিয়ে দেন টেন ডেসকাটে (১৭)।

তার বিদায়ের পর সূর্যকুমার যাদব (২০) ও পীযুষ চাওলার (অপরাজিত ১৭) আক্রমণাত্মক ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ গড়ে কলকাতা।

পাঞ্জাবের পক্ষে ৪০ রানে ৩ উইকেট নেন ক্রান্তিবীর। এছাড়া দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও মিচেল জনসন।

জবাবে ৮ উইকেটে ১৩৫ রানে থেমে যায় পাঞ্জাবের সংগ্রহ।

লক্ষ্য তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা (৩৫) ও মানান ভোহরা (২৬) আক্রমণাত্মক ব্যাটিং পাঞ্জাবকে ১ উইকেটে ৪৫ রানে পৌঁছে দিয়েছিল। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি পাঞ্জাব।

শেষ দিকে অধিনায়ক জর্জ বেইলির (২৬) আক্রমণাত্মক ব্যাটিং পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।

২০১২ সালে প্রথমবারের মতো ফাইনালে উঠেই শিরোপা জিতেছিল কলকাতা।

১৩ রানে ৩ উইকেট নিয়ে উমেশ যাদব কলকাতার সেরা বোলার। মর্নে মরকেল ২ উইকেট নেন ২৩ রানে।